• শশী পাঁজার বাড়িতে হামলা, মোদীর সভার আগে রক্তাক্ত গিরিশ পার্ক
    এই সময় | ১৪ মার্চ ২০২৬
  • ব্রিগেডে সভায় প্রধানমন্ত্রী আসার আগে উত্তর কলকাতার গিরিশ পার্কে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষ। শনিবার দুপুর কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর বাড়ির অফিসের দরজা-জানলা ভাঙচুর করা হয়েছে। অফিসের জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা কোনও প্ররোচনা ছাড়াই হামলা করেছে। ব্রিগেডে যাওয়ার পথে বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

    পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ইট ছোড়াছুড়ি, মারপিট, সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক।

    তৃণমূলের অভিযোগ, মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বিজেপির কর্মীরা। বিজেপির কর্মীরা তৃণমূলের কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ। ১৯ ও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা বাস থেকে নেমে ইট-পাথর ছোড়ে বলে দাবি তৃণমূলের।

    মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, ‘গুন্ডাদের নিয়ে ব্রিগেড করছে বিজেপি। পাথর ছুড়ে জানলার কাচ ভেঙেছে। এরা খুনি। যে ভাবে আক্রমণ করছে এরা সামান্য গুন্ডা নয়, এরা খুন করতে পারে।’ ৫০ জন তৃণমূল কর্মী হাসপাতালে বলে দাবি মন্ত্রী শশী পাঁজার। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এই হামলায় তিনিও জখম হয়েছেন।

    পাল্টা বিজেপির অভিযোগ, সভায় যাওয়ার সময়ে তাদের কর্মীদের উপর হামলা করেছে তৃণমূল। কোনও উস্কানি ছাড়াই ইটের ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। বেশ কয়েকজনের চোখে-মুখে আঘাত লেগেছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। তাদের ফ্লেক্স ছেঁড়া হয়, ব্রিগেডের সভায় যাওয়ার বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। সভায় যাওয়া বিজেপি কর্মীদের অভিযোগ, মন্ত্রীর বাড়ি থেকেই ইট ছোড়া হয়েছে।

    পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে পুলিশ। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর জখম হয়েছেন। ছোড়া ইটের আঘাতে তিনি জখম হয়েছেন বলে অভিযোগ। এ দিন দেখা গিয়েছে, গিরিশ পার্কের রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য ইট-পাথর। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পরিস্থিতি শান্ত করতে মোতায়েন হয়েছে RAF।

  • Link to this news (এই সময়)