'এরা খুন পর্যন্ত করতে পারে,' বাড়িতে ইট হামলায় ক্ষুব্ধ শশী, পাল্টা মাথা ফাটানোর অভিযোগ BJP কর্মীদের
আজ তক | ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও ব্রিগেড সমাবেশে এসে পৌঁছননি। তার আগেই রণক্ষেত্রের চেহারা তৈরি হল গিরিশ পার্কে। তৃণমূল-BJP-র মধ্যে সংঘর্ষ হল পুলিশের সামনেই। তার মাঝেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ। মন্ত্রী জানালেন, তিনি আহত।
সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে মন্ত্রী শশী পাঁজার বাড়ির দরজায় পাথর, ইট ছোড়ার দাগ। বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি বলেন, 'সমস্ত গুণ্ডা মাওয়ালিদের নিয়ে ব্রিগেড করছে। কাচ ভেঙে গিয়েছে। আমাদের ৫০ জনের বেশি কর্মী আহত হয়েছে। হাসপাতালে পাঠিয়েছি। আমি নিজে আহত। যেভাবে আক্রমণ করছে, এরা খুন পর্যন্ত করতে পারে। মার্ডার অফ ডেমোক্রেসি এটা।'
ঠিক কী হয়েছিল, সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে শশী পাঁজা বলেন, 'বয়কট BJP ফ্লেক্স লাগানো ছিল বাড়ির সামনে। ওরা বাস থেকে নেমে ছিড়ে দিল। কাপুরুষ ওরা। আমাদের ছেলেরা আবার নতুন ফ্লেক্স লাগায়। অচেনা লোকেরা এসে আবার সেটি ছিড়ে ফেলে। বাস থেকে নেমে পাথর ছোড়া শুরু হয়।'
অন্যদিকে, BJP-র কর্মী-সমর্থকদের বক্তব্য, বিশেষ একটি সম্প্রদায়ের ছেলেরা এসে হামলা চালিয়েছে। বাস আটকে হামলা করা করেছে। গিরিশ পার্কে মিছিল করে যাওয়ার সময় তাদের কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে তাঁদের অভিযোগ। TMC-র ছোড়া ইটের ঘা-এ মাথা ফেটে গিয়েছে গেরুয়া শিবিরের এক কর্মীর। একাধিক ব্যক্তি জখম হয়েছে বলে দাবি। BJP-র তরফে দাবি করা হয়েছে, কমপক্ষে ৩০-৪০ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।