• এবার 'রসমনি'! বাঙালির ভাবাবেগে ফের আঘাত মোদির
    আজকাল | ১৫ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলার মনীষীদের নামের উচ্চারণে ফের ভুল করলেন প্রধানমন্ত্রী। শনিবার ব্রিগেডের মঞ্চে রানি রাসমনির কথা বলতে গিয়ে মোদি বললেন 'রসমনি'! যা নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় রাজ্যের শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, 'প্রচারমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবার এসে ইচ্ছে করেই কি বাংলার মনীষীদের অপমান করেন? পরমপূজ্য লোকমাতা রানি রাসমণিকে কোন সাহসে 'রসমণি' বললেন নরেন্দ্র মোদি? বাংলার মানুষের ভাবাবেগকে বারবার আক্রমণ করে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। বিনাশকালে বিপরীত বুদ্ধি!'




    উল্লেখ্য, এর আগে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বলেছিলেন ‘বঙ্কিমদা’। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। 

    সেখানেই শেষ নয়। তারপর জন্মতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেবকে  শ্রদ্ধা জানাতে গিয়ে ফের ‘ভুল’ সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। এক্স পোস্টে রামকৃষ্ণপরমহংসকে তিনি সম্বোধন করেন ‘স্বামী’ বলে। ‘স্বামী’ বিবেকানন্দের নামের আগে ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই তা নিয়ে ফের বিতর্ক দানা বাঁধে।

    এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোশাল মিডিয়ায় লিখেছিলেন, 'আবারও হতবাক! আমাদের প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আগ্রাসীভাবে তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতা প্রদর্শন করছেন। আজ যুগাবতার (আমাদের যুগে ঈশ্বরের অবতার) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই উপলক্ষে মহান সাধকের প্রশংসা করার চেষ্টা করার সময়, আমাদের প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সাথে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ “স্বামী” যোগ করেছিলেন!'

     
  • Link to this news (আজকাল)