আজকাল ওয়েবডেস্ক: দু এক দিন ম্যানেজ করে চালানো হয়েছে। শনিবার আর উপায় ছিল না। তাই স্কুলের মিড ডে মিল হলেও, সেখানে ছিল শুধু ডিম সিদ্ধ! হুগলি গার্লস হাই স্কুলে ৯২৩ জন ছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে। তার মধ্যে প্রায় ছ'শো ছাত্রীর জন্য প্রতিদিন রান্না হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই। প্রভাব পড়েছে এরাজ্যে। ফলে গ্যাস সরবরাহ সংকট এই জেলাতেও। ফলত মিড ডে মিল চালাতে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে এদিন শুধু ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে ছাত্রীদের হাতে। জ্বালানি না থাকায় আগামী সোমবার থেকে হয়ত সিদ্ধ ডিমও দেওয়া সম্ভব হয়ে উঠবে না। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী মিত্র জানিয়েছেন,গ্যাস সরবরাহ করে যে ডিলার তাদের বলা হয়েছে। কিন্তু তিনি দিতে পারছেনা না। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে। তার প্রভাব এসে পড়েছে স্কুলগুলোতে।আমাদের স্কুলে অনেক দুস্থ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে মেয়েরা আসে।
স্কুলের যে মিড ডে মিল তার ওপর অনেকটাই নির্ভর করে। আমরা যথেষ্ট ভালো মানের খাবার রান্না করে তাদের দেওয়ার চেষ্টা করি। সেই কারণে নানা ধরনের খাবার তৈরি করা হয়। জ্বালানির অভাবে মিড ডে মিল করা যাচ্ছে না। দুই এক দিন কোনও ভাবে ম্যানেজ করে চালানো হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে শুধুমাত্র ডিম সিদ্ধ করা গেছে। শুধু ডিম মেয়েদের হাতে তুলে দিতে ভীষণই খারাপ লেগেছে তাঁর। তবে তিনি আশাবাদী আগামী দু-একদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।