বালুরঘাট জেলা হাসপাতালের এক অস্থায়ী মহিলা কর্মীকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত মহিলা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। কী কারণে তাঁর উপর অ্যাসিড হামলা হয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত মহিলা বালুরঘাট (Balurghat) জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের অস্থায়ী কর্মী। তাঁর বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকায়। শনিবার, টোটোতে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই রঘুনাথপুর বিএম হাইস্কুলের প্রাচীরের আড়াল থেকে ওই হামলা (acid attack) চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি অ্যাসিডের বোতল উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর।
শনিবার রাত পর্যন্ত এই নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে পরিবারের কেউ যুক্ত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।
জানা গিয়েছে, বছর দুয়েক আগে মৃত্যু হয়েছে ওই আক্রান্ত মহিলার স্বামীর। পরিবারে বেশ কিছু দিন ধরেই জমি বিক্রি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছিল। শনিবার দুপুরেই আক্রান্ত মহিলার মাকে দু'জন অপরিচিত যুবক হুমকি দেয় বলেও অভিযোগ। তার পরেই ওই অ্যাসিড হামলা হয়।
তবে পারিবারিক সমস্যার (family dispute) কারণে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছিল কী নিশ্চিত করে বলতে পারেননি আক্রান্ত মহিলা।
লিখিত অভিযোগ পাওয়ার পরে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।