• আলুর দাম বেঁধে দিল রাজ্য, চাষিদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ মন্ত্রীর
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • রাজ্যে আলুর ব্যাপক ফলন হলেও বাজারে সঠিক দাম না মেলায় চিন্তায় চাষিরা। এই আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বর্ধমানের এক আলুচাষি। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের। শনিবার সিঙ্গুরে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে আলুর উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। ফলে বাজারে দাম কিছুটা কম রয়েছে।

    জানা গিয়েছে, কুইন্টাল পিছু ৯৫০ টাকা দরে আলু কেনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার থেকেই রাজ্য জুড়ে আলু কেনার কাজ পুরোদমে শুরু হয়েছে। এ ক্ষেত্রে সাহায্য নেওয়া হচ্ছে সরকারি ও সমবায় হিমঘরগুলোর। এ ছাড়া, কৃষকরা তাঁদের নিকটবর্তী বিডিও বা এডিও অফিস থেকে স্লিপ নিয়ে নির্ধারিত স্টোরে আলু জমা দিতে পারবেন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য হিমঘরগুলোতে ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হয়েছে। এ ছাড়া রাজ্যের ৮৪৪টি সুফল বাংলা স্টলের মাধ্যমেও সরাসরি কৃষকদের থেকে আলু সংগ্রহ করছে সরকার।

    একই সঙ্গে আলু রপ্তানি নিয়ে চলা অপ্রচার নিয়েও এ দিন কড়া নির্দেশ দেন বেচারাম মান্না। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্য রাজ্যে আলু পাঠাতে সরকারের পক্ষ থেকে কোনও বাধা বা নিষেধ নেই। ভিন রাজ্যে আলু যেতে দেওয়া হচ্ছে না বলে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

    এ দিন মন্ত্রী আরও বলেন, ‘রাজ্যের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আলু বাণিজ্যিক ভাবে বাইরে পাঠাতে কোনও আপত্তি নেই।’ প্রতিটি ব্লকে সরকারি উদ্যোগে আলু কেনা চলছে, তাই চাষিদের কোনও গুজবে কান না দিয়ে সরকারি স্কিমে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)