• হরমুজ় প্রণালী খোলা রাখতে ব্রিটেন-সহ একাধিক দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ় প্রণালী খোলা রাখতে ব্রিটেন-সহ বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিরাপদ রাখার জন্য তিনি মিত্র দেশগুলিকে আমেরিকার সঙ্গে যৌথভাবে পদক্ষেপ করার কথা বলেন।

    নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, হরমুজ় প্রণালী বন্ধ করার ইরানের চেষ্টায় যে সব দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের অনেকেই আমেরিকার সঙ্গে মিলিত ভাবে যুদ্ধজাহাজ পাঠাবে। তাঁর কথায়, এর উদ্দেশ্য হলো এই জলপথ খোলা এবং নিরাপদ রাখা। ওই পোস্টে তিনি আশা করেছেন চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের মতো যে সব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুদ্ধজাহাজ পাঠাবে।

    হরমুজ় প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের সমুদ্রপথ। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছয়। যা মোট আন্তর্জাতিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ।

    প্রায় দুই সপ্তাহ আগে আমেরিকা এবং ইজ়রায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ওই সময়ের পর থেকে হরমুজ় প্রণালী দিয়ে যাওয়া একাধিক জাহাজের উপর হামলার খবর পাওয়া গিয়েছে। এর ফলে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার হামলায় ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তবে তিনি জানান, তবুও ইরান এই সমুদ্রপথে জাহাজগুলিকে হুমকি দিতে পারে। এ নিয়ে ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছি। কিন্তু তারা খুব সহজেই একটি ড্রোন পাঠাতে পারে, মাইন ফেলতে পারে বা কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।’ তিনি আরও জানান, হরমুজ প্রণালী আবার সম্পূর্ণভাবে চালু করতে আমেরিকা সামরিক অভিযান চালিয়ে যাবে।

    এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলির সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। ওই মুখপাত্র বলেছেন, ‘এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মিত্র ও অংশীদার দেশগুলির সঙ্গে বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছি।’

  • Link to this news (এই সময়)