• LIVE: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু এক মহিলার
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে আজ দুপুর চারটে থেকে বৈঠক করবে নির্বাচন কমিশন। কেবল মাত্র PIB অনুমোদিত সাংবাদিকরাই সেই বৈঠকে যোগ দিতে পারবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবারের এই সাংবাদিক বৈঠক থেকেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে নির্বাচন কমিশনের তরফে।

    শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার আগেই গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল এবং BJP উভয়ের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। এ দিনের সংঘর্ষে একাধিক পুলিশকর্মী আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ছ'জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দু'জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

    রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ফতেপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন আরও এক জন। জানা গিয়েছে, ওই মহিলা দুর্ঘটনায় আহত ব্যক্তির সঙ্গে সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময়ে একটি লরি পিছন থেকে ধাক্কা মারে সাইকেলটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। অন্য জন গুরুতর আহত অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে রামনগর থানার পুলিশ।

    ইট দিয়ে মাথা থেঁতলে বাবাকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে মিরাটের সিভিল লাইন্স এলাকার কাছে এই ঘটনাটি ঘটেছে। বাবাকে খুন করার পরে ওই ব্যক্তি নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বাবা এবং ছেলে একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময়েই তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।

    ভারতীয় প্লে ব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। একটি অনলাইন মেসেজে বাদশাকে এই খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই হুমকিতে বলা হয়েছে, ‘হরিয়ানার সংস্কৃতি নষ্ট করছেন’ বাদশা। অবিলম্বে নিজেকে সংযত না করলে তাঁর উপরে হামলা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  

    রবিবার সকাল থেকেই দিল্লিতে শুরু বৃষ্টিপাত। মার্চ মাসের শুরু থেকে ক্রমাগতই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল দিল্লিতে। রবিবার ভোর থেকে সেই অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি দিয়ে শুরু হলো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মৌসম ভবনের তরফে দিল্লিতে কমলা সতর্কতা এবং পার্শ্ববর্তী নয়ডা ও সংলগ্ন এলাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

  • Link to this news (এই সময়)