• ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, ভারী দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? 
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। তার জেরেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানাচ্ছে, আজ সারাদিনই আকাশ কখনও আংশিক আবার কখনও সম্পূর্ণ মেঘলা থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

    আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ সঙ্গী হওয়ায় রবিবারও তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে রাতের তাপমাত্রা শনিবারের তুলনায় কিছুটা বাড়তে পারে। গুমোট, ভ্যাপসা গরম প্রায় সারাদিনই থাকবে। তবে, বিকেলের পরে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হতে পারে।

    রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পরে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির স্পেল চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং দুই বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতাতেও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি দেখা যেতে পারে। সোমবারও পরিস্থিতি একই রকম থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। থাকবে।

  • Link to this news (এই সময়)