আজ ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা, কখন নামবে বৃষ্টি? জানুন আপডেট
আজ তক | ১৫ মার্চ ২০২৬
কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে গত সপ্তাহ থেকেই। যদিও বৃষ্টিপাতের মাত্রা সামান্যই। খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না। বরং, শহর কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে অনেক কম। তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা বেশি হওয়ায় গরমে হাঁসফাঁস করতে হচ্ছে আমজনতাকে।
জেলার আবহাওয়া আপডেট জানুন
উত্তরবঙ্গ: IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গ: IMD-র দেওয়া পূর্বাভাস বলছে রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।