• গিরিশ পার্কে TMC-BJP সংঘর্ষে গ্রেফতার ৪, শশীর বাড়ি ভাঙচুরের ঘটনায় যুক্তদের খোঁজে তল্লাশি
    আজ তক | ১৫ মার্চ ২০২৬
  • শনিবার হাই ভোল্টেজ ব্রিগেড দেখেছে বাংলা। উপস্থিত ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। আর সেই ব্রিগেড শুরুর আগেই টিএমসি ও বিজেপি সংষর্ষ হয় কলকাতায়। আর সেই ঘটনায় শনিবার সন্ধ্যায় ৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ বলে খবর। পাশাপাশি এই সংঘর্ষে ৮ জন আহত বলেও জানান হয়েছে।

    পুলিশ সূত্রে দাবি, শনিবার গিরিশ পার্ক দিয়ে ব্রিগেডের পথে হাঁটছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেই সময়ই ঝামেলার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই এলাকার একাধিক জায়গায় বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে একাধিক ফ্লেক্স টাঙানো হয়েছিল। সেই ফ্লেক্স ছেঁড়া নিয়েই বচসা। তারপর হাতাহাতি। এমনকী শেষে ইঁট-পাটকেলও ছোড়া হয়। হামলা চলে মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও। বাড়ি লক্ষ্য করে ইঁট-পাটকেল ছোড়া হয়।

    যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি কর্মীরা বিনা প্ররোচনাতেই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে একাধিক তৃণমূল কর্মী আহত হন। এমনকী শশী পাঁজারও চোট লাগে বলে অভিযোগ করে তৃণমূল। 

    যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে, ওই এলাকা থেকে ব্রিগেড যাওয়ার সময় তাদেরই প্রথমে কটুক্তি করা হয়। তারপর চালানো হয় হামলা। একাধিক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। 

    পুলিশ কী জানিয়েছে? 
    শনিবারের মেগা ব্রিগেডের আগে ঘটে যাওয়া এই সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে পুলিশও। তাদের পক্ষ থেকে এক আধিকারিক জানান, সংঘর্ষে একজন পুলিশকর্মী সহ মোট ৮ জন আহত হয়েছেন। আর এই ঘটনায় এখনও চারজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


    তাঁর কথায়, 'এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়ে গিয়েছে। এছাড়া যাঁরা যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের ধরতে তল্লাশি চলছে।'

    পুলিশের পক্ষ থেকে আরও দাবি, এই সংঘর্ষের জন্য ইতিমধ্যেই গিরিশ পার্ক থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪০। তারিখ ১৪ মার্চ২০২৬। এই মামলাটি রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এবং ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টে।

    তবে এই হামলার জন্য কোনও রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। বরং পুলিশই স্বতঃপ্রণোদিতভাবে মামলা রজু করেছে। 

    প্রসঙ্গত, এই সংঘর্ষ নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন তৃণমূল নেত্রী শশী পাঞ্জা। তিনি জানিয়েছেন যে তাঁর বাড়িতে হামলা চালান হয়। তিনি আঘাত পেয়েছেন। তাঁকে হত্যা করতেই এই আক্রমণ। তাই তিনি এফআইআর করবেন। যদিও এখনও তিনি তেমন কিছু করেননি বলেই খবর। 

     
  • Link to this news (আজ তক)