• মুম্বই বিমানবন্দরে উদ্ধার ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও হিরে, গ্রেফতার ৬
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় চোরাচালান চক্রের হদিস পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও হিরে উদ্ধার হয়েছে। এই ঘটনায় চার জন ‘ক্যারিয়ার’, এক জন ‘হ্যান্ডলার’ এবং এক সন্দেহভাজন হাওলা অপারেটর-সহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

    সংবাদ সংস্থা আইএএনএস জানায়, নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর ডিআরআই আধিকারিকরা বিমানবন্দরে নজরদারি শুরু করেন। আন্তর্জাতিক উড়ানে ওঠার ঠিক আগে চার জন যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

    পরে তাদের ব্যাগ তল্লাশি করে দেখা যায়, হ্যান্ডব্যাগের ভিতরে তৈরি করা গোপন খোপে লুকিয়ে রাখা হয়েছে বৈদেশিক মুদ্রা। সেখানে বিভিন্ন মূল্যের পাউন্ড স্টার্লিং (GBP) এবং মার্কিন ডলার (USD) পাওয়া যায়। উদ্ধার হওয়া মুদ্রা সম্পর্কে যাত্রীদের কাছে কোনও বৈধ নথি ছিল না।

    তল্লাশির সময় যাত্রীদের ব্যাগ থেকে আরও ৫৩টি ছোট পাউচ উদ্ধার হয়। ওই পাউচগুলির ভিতরে লুকিয়ে রাখা ছিল হিরে। তদন্তকারীদের দাবি, এই হিরেগুলির মোট মূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। ডিআরআই জানিয়েছে, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা এবং হিরে ১৯৬২ সালের কাস্টমস আইনের আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে।

    তদন্তকারীদের মতে, এই চোরাচালানের পিছনে আরও বড় চক্র থাকতে পারে। সেই নেটওয়ার্ক খুঁজে বের করতে তদন্ত চলছে। ডিআরআই আধিকারিকদের বক্তব্য, হাওলা অপারেটর এবং চোরাকারবারিদের মধ্যে যে যোগসূত্র রয়েছে তা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। সেই চক্র ভাঙতেই তদন্ত জোরদার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)