কুকুর কামড়ালে র্যাবিসের টিকা নেওয়া বাধ্যতামূলক। ঠিকমতো চিকিৎসা না হলে কুকুরের কামড় থেকে ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। সাম্প্রতিক একটি ঘটনা সেই আশঙ্কাকেই আরও উস্কে দিচ্ছে। কুকুরের কামড় খাওয়ার পরে ঠিক করে র্যাবিসের টিকা না নেওয়ায় ভয়াবহ রোগের শিকার হয়েছে বছর ১৭-র এক কিশোর। মাঝে মধ্যেই কুকুরের মতো ডাকতে শোনা যাচ্ছে তাকে। তার সঙ্গে সারা গায়ে অসহ্য ব্যথা। উত্তরপ্রদেশের মির্জাপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মাস চারেক আগে ওই নাবালককে পথকুকুর কামড়েছিল। এর পরে নিয়ম মেনে তাকে হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রথম দু’বার তাকে র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হলেও, শেষ দু’টি ভ্যাকসিন দেওয়া হয়নি। আর এতেই বিপত্তি তৈরি হয়েছে। ভ্যাকসিনেশন শেষ না হওয়ায় তার দেহে বাসা বেঁধেছে র্যাবিস ভাইরাস।
চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগের ক্ষেত্রে টিকাকরণই একমাত্র উপায়। কুকুরে কামড়ালে যত দ্রুত সম্ভব টিকা নিতে হবে। না হলেই র্যাবিসের আক্রমণ হতে পারে শরীরে। ঠিক সেই ঘটনাই ঘটেছে ওই নাবালকের সঙ্গে। র্যাবিসের ভ্যাকসিন ঠিক মতো না নেওয়ায় তার র্যাবিস হয়েছে। উপসর্গ হিসেবে দেখা গিয়েছে গোটা শরীরে ব্যথা এবং মাঝে মধ্যে কুকুরের মতো ডেকে ওঠা।
বর্তমানে নাবালকের যা শারীরিক পরিস্থিতি, তাতে এই পরিস্থিতি থেকে তার পক্ষে আর সুস্থ হওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, কিশোরের বাবা বিশেষ ভাবে সক্ষম। আর্থিক ভাবেও খুব একটা স্বচ্ছলতা নেই পরিবারের। ফলে, বাড়ি থেকে বেশ কিছুটা দূরের হাসপাতালে গিয়ে টিকাকরণ করা সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে। চিকিৎসকদের দাবি, এই রোগটি একবার দেহে ছড়িয়ে পড়লে আর সুস্থ হওয়া সম্ভব নয়।