জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের মধ্যে সেনা অভিযানে এক পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ‘অপারেশন ডিগ্গি ২’ নামে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা সূত্রে অনুপ্রবেশের পরিকল্পনার খবর পাওয়ার পর ভারতীয় সেনার চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ ভাবে অভিযান শুরু করে।
তল্লাশি চালানোর সময় জঙ্গলে ঘন ঝোপের মধ্যে সন্দেহজনক নড়াচড়া দেখতে পান সেনা জওয়ানরা। সেনা জওয়ানরা এগিয়ে গেলে লুকিয়ে থাকা জঙ্গি নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এর পর পাল্টা গুলি চালায় সেনা। এনকাউন্টারে ওই জঙ্গি নিহত হয় বলে জানায় চিনার কর্পস।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে যুদ্ধসামগ্রীও উদ্ধার হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, একটি একে রাইফেল, পিস্তল এবং প্রচুর পরিমাণে গুলি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চলছিল।
এর আগে ১০ মার্চ জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের আরেকটি চেষ্টা ব্যর্থ করে সেনা। সেই অভিযানে পাকিস্তান মদতপুষ্ট এক জঙ্গি নিহত হয়। ওই অভিযান চালায় হোয়াইট নাইট কর্পস। সেনা জানিয়েছিল, সেই ঘটনায় আরও এক জঙ্গির খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল।
পরের দিন ১১ মার্চ পুঞ্চ জেলায় প্রায় ৪ কেজি বিস্ফোরক উদ্ধার করে সেনা। তবে ওই বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে অনুপ্রবেশের চেষ্টার কোনও যোগ আছে কি না, তা স্পষ্ট হয়নি। এর আগেও ১ মার্চ নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা।