এই সময়: মধ্যশিক্ষা পর্ষদের (Board of Secondary Education) নির্দেশ উপেক্ষা করে ১৩ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে (Strike) সামিল হওয়ায় বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা সংশ্লিষ্ট ধর্মঘটী শিক্ষক ও কর্মীদের শোকজ় শুরু করছেন। স্কুলে অনুমোদনহীন অনুপস্থিতির কারণে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে নিয়ে তিনটি কাজের দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ (DA NEWS) অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।
রাজ্য নির্ধারিত সময়ের মধ্যে তা না মেটানোয় সংগ্রামী যৌথ মঞ্চ ১৩ মার্চ রাজ্যজুড়ে সব সরকারি অফিস, স্কুল–কলেজ, পঞ্চায়েত এবং পুরসভায় ধর্মঘটের ডাক দিয়েছিল। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে মধ্যশিক্ষা পর্ষদ ওই দিন সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে শিক্ষক–কর্মীদের বাধ্যতামূলক হাজিরার নির্দেশ দিয়েছিল। তা না মানার অভিযোগেই এই শোকজ়। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চন্দন গরাই জানিয়েছেন, মঞ্চের তরফে এই সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের সব রকম আইনি সাহায্য করা হবে।