• বালিজুড়ে আবর্জনার স্তূপ, ভাগাড় সমস্যা সুরাহার আশ্বাস প্রশাসনের
    বর্তমান | ১৫ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভ্যাপসা অস্বস্তি। গত দশ দিনেরও বেশি সময় ধরে জমে থাকা আবর্জনার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বালি, বেলুড় ও লিলুয়ার বাসিন্দারা। বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে দোল পূর্ণিমার দিন অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরেই বালি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা সংগ্রহের কাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে বহু রাস্তা ও অলিগলিতে আবর্জনার স্তূপ জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান দাবি করেছেন তাঁরা।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, দোলের দিন বিষাক্ত গ্যাসের প্রভাবে আচমকা আগুন লেগে যায় বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে। প্রায় দু’দিন ধরে ওই ভাগাড়ে আগুন জ্বলেছে। পরে দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকা সম্পূর্ণ ধোঁয়ামুক্ত হতে বেশ কিছুদিন সময় লাগে। নিরাপত্তার স্বার্থে সেই সময় থেকেই ভাগাড়ে আবর্জনা ফেলার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা সংগ্রহ ও অপসারণের কাজে বিঘ্ন ঘটে।

    এরপর ভাগাড়টি পুনরায় চালু করার বিষয়ে স্থানীয় পঞ্চায়েত, জেলা পরিষদ, এসডিও (সদর), পুলিশ ও বালি পুরসভার আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জেসিবি মেশিন ও ডাম্পারের সাহায্যে ভাগাড়ের সামনের অংশে জমে থাকা পুরানো আবর্জনা পিছনের দিকে সরিয়ে নতুন করে জায়গা তৈরি করা হয়। তবে এর মধ্যেই দীর্ঘদিন আবর্জনা না সরানোর ফলে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডেই কার্যত নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও বড়ো রাস্তায় আবর্জনার স্তূপ জমে থাকায় তার উপরেই নতুন করে গৃহস্থালির বর্জ্য ফেলতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। আবার কোথাও আবর্জনা জমে নিকাশি ব্যবস্থাও আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ৩৩ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া রোড এলাকায় গিয়ে দেখা গেল, অলিগলির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, গরম বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে উঠেছে। দ্রুত আবর্জনা পরিষ্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। একই চিত্র দেখা যাচ্ছে বেলুড়ের ভোটবাগান ও বেলুড় বাজার এলাকাতেও।
    পুরসভা সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই চাঁদমারি ভাগাড়ের সমস্যা অনেকটাই মিটেছে এবং সেখানে পুনরায় আবর্জনা ফেলার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার কয়েকটি ওয়ার্ডে সাফাই অভিযান চালানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)