প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় পরিদর্শন শুরু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, একাদশ শ্রেণির ক্লাস ও পরীক্ষায় চলবে নজরদারি
বর্তমান | ১৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ঘোষণা মতো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন স্কুলে স্কুলে পরিদর্শন শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে ২ মার্চ থেকে। তা চলবে ২৩ মার্চ পর্যন্ত। এই প্রথম সংসদের তরফে এই পরীক্ষায় আচমকা প্রত্যক্ষ নজরদারি চালানোর কথা ঘোষণা করেছিলেন সভাপতি পার্থ কর্মকার।
শনিবার পার্থবাবু জানিয়েছেন, বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ে তাঁর নেতৃত্বেই পরিদর্শন হয়েছে। এছাড়াও পরিদর্শন হয়েছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, বর্ধমান, দুই মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও। অধিকাংশ জেলাকেই এই পরিদর্শনের আওতায় আনার চেষ্টা করছে সংসদ। জেলা আধিকারিকরা তো বটেই, সংসদের আঞ্চলিক কার্যালয়ে রিজিওনাল অফিসার (আরও) হিসাবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বেও পরিদর্শন চলছে। যদিও, এখনও কোথাও প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অসঙ্গতির কোনো প্রমাণ মেলেনি বলেই দাবি করেছেন সভাপতি।
৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ এবং ২০ নম্বরের প্রজেক্টের মূল্যায়নের ক্ষমতা স্কুলগুলির উপরেই ন্যস্ত রয়েছে। তবে, এগুলি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। পড়ুয়াদের যথেচ্ছভাবে ফুল মার্কস দেওয়া, কোনও কোনও ক্ষেত্রে বিশেষ শিক্ষকের বিরুদ্ধে স্বজনপোষণ বা এক শ্রেণির পড়ুয়াদের বঞ্চিত করার অভিযোগ নতুন নয়। স্কুলগুলি বলেছে, ছাত্রছাত্রী বা অভিভাবকদের চাপে প্র্যাকটিক্যালে ফুল মার্কস দিতে বাধ্য হন তাঁরা। অনেক সময় কোনো শিক্ষক তাঁর প্রাইভেট টিউশনের ছাত্রছাত্রীদের বাড়তি নম্বর দেন এবং বঞ্চিত করেন অন্যদের। শুধু তাই নয়, অনেক পড়ুয়া প্র্যাকটিক্যাল পরীক্ষা যথাসময়ে দিতে চায় না। প্রজেক্টের খাতাও নির্ধারিত সময়ে জমা দেয় না কেউ কেউ। তাদের তরফে এই অনীহা থাকলেও স্কুলগুলি নিজেদের গরজে ফের অন্য তারিখ দিয়ে সেগুলি গ্রহণ করে। এ ধরনের বিভিন্ন অভিযোগ ঠেকাতেই পরিদর্শনের উদ্যোগ নিয়েছে সংসদ।
সভাপতি বলেন, উচ্চ মাধ্যমিক স্তরে পঠনপাঠনের নিয়ামক সংস্থা হল সংসদ। তাই একাদশ শ্রেণিতে ঠিকমতো ক্লাস হচ্ছে কি না, পরীক্ষা কীভাবে নেওয়া হচ্ছে, প্রশ্নপত্র সিলেবাস ভিত্তিক হচ্ছে কি না, এসবের উপরেও নজরদারি চালাবে সংসদ। একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা স্কুলগুলি নেয় বলে সেগুলিতে ভালো ফল করার গরজ কমেছে ছাত্রছাত্রীদের। এখন নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিকের মার্কশিটে একাদশের প্রাপ্ত নম্বর প্রতিফলিত হয় না। তবে, বর্তমান নিয়মের মধ্যে থেকেই একাদশের পরীক্ষাকে আরও প্রাসঙ্গিক এবং সিরিয়াস করে তোলা হবে বলে জানিয়েছেন পার্থবাবু।