চুরি করা পিকআপ গাড়িতেই গরু পাচার! রাতের অভিযানে বড় সাফল্য পুলিশের
বর্তমান | ১৫ মার্চ ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় গরু চুরি, পাচারের ঘটনার খবর উঠে এসেছে বহুবার। সেই তালিকায় এবার উঠে এল জলপাইগুড়ি জেলারও নাম। সীমান্তবর্তী এই জেলায় গত কয়েকদিন ধরেই গরু পাচার চলছে, এই অভিযোগ আসছিল পুলিশের কাছে। তারপরেই শুরু হয় কড়া নজরদারি। যার ফল মিলল হাতেনাতে। গতকাল মধ্যরাতে একটি পিকাপ গাড়ি সহ তিনটি গরুকে উদ্ধার করল ভোট পট্টি ফাঁড়ির পুলিশ। অভিযুক্তরা পলাতক।
তবে শুধু গরু চুরি না। যেই পিকাপ গাড়িটিতে গরু গুলি পাচার করা হচ্ছিল সেই গাড়িটিও চুরি করেছিল পাচারকারীরা। জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত পরেশ মিত্র কলোনি থেকে প্রথমে পিকআপ গাড়িটি চুরি করে তারা। সেই পথেই পরে ময়নাগুড়িতে গোরু চুরি করে পালানোর চেষ্টা করে। পুলিশ খবর পেয়েই তৎপরতার সঙ্গে উদ্ধার করেন তিনটি গরু। এদিকে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয় পাচারকারীরা।
ভোট পট্টি ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু জানান, 'ময়নাগুড়িতে বেশ কিছুদিন ধরে বৃষ্টির জেরে রাস্তা ঘাট ফাঁকা, সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে দুস্কৃতীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের দৃষ্টিকে এড়িয়েই চলছে গরু চুরির মত অবৈধ কাজ। স্থানীয়দের থেকে গোরু চুরির নানা অভিযোগও আসছিল পরপর। তারপর থেকেই পুলিশ তত্পরতার সঙ্গে রাস্তায় নামে। শনিবার ময়নাগুড়ির মরিচবাড়ি এলাকা থেকে গোরু চুরির অভিযোগ আসে। যেহেতু সাধারণত অভিযুক্তরা চ্যাংড়াবান্ধা রোড ব্যবহার করে, সেই কারণেই জোড়পাকরি এলাকায় বসানো হয় পুলিশি নিরাপত্তা। এর পরেই ওই সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে দাঁড় করানো হয়। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ি থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। উদ্ধার হয় তিনটি গোরু ও একটি পিকাপ গাড়ি। এদিকে যে গাড়িতে করে গোরু পাচার করার চেষ্টা চলছিল সেই গাড়িটিও জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত পরেশ মিত্র কলোনি থেকে চুরি হয়েছিল'।
অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ভোট পট্টি ফাঁড়ির পুলিশ। কীভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে এধরণের অবৈধ কাজ চলছে তাও খতিয়ে দেখা হচ্ছে।