• উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়: হস্টেলে ডাল আর আলু সেদ্ধ-ভাত
    বর্তমান | ১৫ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বাগডোগরা: রান্নার গ্যাসের প্রভাব এসে পড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়াদের খাবরের প্লেটে। গত দু’দিন ধরে গ্যাসের ঘাটতির জেরে বদলে গিয়েছে গার্লস হস্টেলগুলির নিত্যদিনের খাবারের মেনু। ডাল, ভাত, আলু সেদ্ধ দেওয়া হচ্ছে। তবে তাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ছাত্রীরা।

    বিশ্ববিদ্যালয়ের সরোজিনী-পূর্ণেশ্বরী ও রানিভবানী গার্লস হস্টেলে দু’দিন থেকে মাছ, মাংস খাওয়ানো হচ্ছে না। পরিবর্তে দেওয়া হচ্ছে ডাল, ভাত আর আলু সেদ্ধ। সরোজনী-পূর্ণেশ্বরী গার্লস হস্টেলের আবাসিক ছাত্রী শুক্লা বর্মন জানান, আমিষ খাবার তো দূরের কথা সবজিও বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের এই সংকট থাকলে আগামীতে সেটাও মিলবে কি না তা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।

    নেহা গুপ্তা নামে রানিভবানী হস্টেলের ছাত্রী বলেন, দু’দিন ধরে আলু সেদ্ধ ভাত খাচ্ছি। গ্যাসের অভাবে মেসেও রান্না কম হচ্ছে শুনেছি। দ্রুত এই সমস্যা না মিটলে কী হবে জানি না।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাস বলেন, ছাত্রছাত্রীরা নিজেরাই মেস চালাচ্ছে। সেক্ষেত্রে রান্নার গ্যাস পর্যাপ্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে। আবাসিক ছাত্রছাত্রীদের যাতে খাওয়ার অসুবিধা না হয় সেই দিকে নজর রাখছি আমরা। কোনো হস্টেলে সমস্যা হলে হস্টেল সুপারকে দেখতে বলব।
  • Link to this news (বর্তমান)