বাঙালি দর্শক আজও তাঁর ম্যাজিকে আচ্ছন্ন হন। যে কোনো চরিত্র অত্যন্ত সাবলীল ভঙ্গিতে পর্দায় ফুটিয়ে তোলা তাঁর সহজাত ক্ষমতা। তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেরিয়ারে এতগুলি বছর পার হলেও অনুরাগীরা মজে তাঁর অভিনয়ে। বাংলা ছবিকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান কোনোদিক থেকে কম নয়। এবার বিদেশের মাটিতে সম্মানিত হলেন ঋতুপর্ণা। ব্রিটেন সংসদের নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অব কমন্সে সম্মান পেলেন ঋতুপর্ণা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সম্প্রতি ‘গ্লোউওম্যান সিআইসি’র তরফে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানেই ‘গ্লোউওম্যান ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত নায়িকা। ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে নারী ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য সম্মানিত হন ঋতুপর্ণা। ভারতীয় ছবির জগতে তাঁর অবদানও প্রশংসিত হয়েছে এই মঞ্চে। সম্মানে ভূষিত হয়ে আপ্লুত ঋতুপর্ণা। তাঁর কথায়, ‘আমি অত্যন্ত গর্বিত। আনন্দিত। সীমা মালহোত্রা, বীরেন্দ্র শর্মার হাত থেকে এই সম্মান পেলাম। গ্লোউওম্যান সিআইসি, স্নিগ্ধা মিস্ত্রি, অলোক শাহ, অসীম সানির আয়োজনে এই অনুষ্ঠান আমার জন্য স্পেশাল হয়ে থাকবে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আমার পরিবার, দর্শকের কাছেও।’ এই বিশেষ দিনে ঋতুপর্ণার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত তাঁর পরের ছবি ‘কর্পূর’-এর প্রচার নিয়ে। অরিন্দম শীলের পরিচালনায় পলিটিক্যাল ড্রামা ঘরানার ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষ সহ আরও অনেকে।