• WB Election 2026: এপ্রিলেই দু’ দফায় ভোট বাংলায়, জারি মডেল কোড অফ কনডাক্ট, গণনা কবে? বিস্তারিত
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • বাংলায় ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (​West Bengal Assembly Election 2026)। দু’দফায় ভোট হবে বঙ্গে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল (১৫২ আসন)। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল (১৪২ আসন)। ভোটের ফল ঘোষণা হবে ৪ মে গণনা। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভোট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভা শেষ হবে ৭ মে, ২০২৬। সে কারণে ৭ মে-র আগে সরকার গঠন করে ফেলতে হবে। ২০২১ সালে ভোট হয়েছিল ৮ দফায়। ২ মার্চ ভোট ঘোষণা হয়। ২৭ মার্চ ছিল প্রথম দফার ভোট। শেষ দফা হয় ২৯ এপ্রিল। ২০২৪-এর লোকসভা ভোটও হয়েছিল ৭ দফায়। গোটা দেশের সঙ্গে বাংলাতেও সাত দফাই হয় ভোট। SIR-এর কারণে এমনিতেই অনেকটা পিছিয়ে ভোট ঘোষণা এ বার। এ বার ভোটের দফাতেও কাটছাঁট। যদিও বিজেপি, কংগ্রেস, সিপিএম প্রথম থেকেই এক কিংবা দু’দফায় ভোটের দাবি তুলে এসেছে। তৃণমূল অবশ্য দফা নিয়ে কিছুই বলেনি, বার বারই দাবি করেছে— একজন যোগ্য ভোটারের নামও যেন বাদ না যায়।

    ২০১১ সালে বাংলায় ৩৪ বছরের বামদুর্গ ভেঙে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করে তৃণমূল। ২০১৬ ও ২০২১ সালেও বিধানসভা নির্বাচনেও বিপুল জয় পেয়েছে তারা। ২০২১ সালে একদিকে কোভিড, অন্যদিকে দলের একের পরে এক নেতা-নেত্রীর বিজেপি শিবিরে যোগদান, অনেকেই মনে করেছিল খেলা ঘুরে যেতে পারে। কিন্তু সে বারও ২১৩টি আসনে জয়ী হয় তৃণমূল। ৭৭টিতে জেতে বিজেপি।

    এ বার বিজেপিও জয় নিয়ে বেশ আশাবাদী। শনিবার, ১৪ মার্চ, কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে ‘বিকশিত বাংলা’ করার ডাক দেন তিনি। বাংলায় পরিবর্তনের সরকার গড়ার ডাক দিয়েছে বিজেপি।

    অন্যদিকে এ বার বহু বছর পরে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনেই প্রার্থী দেওয়ার কথা বলেছে কংগ্রেস। সিপিএম অবশ্য কোন কৌশলে ভোট লড়বে, তা এখনও স্পষ্ট নয়। ISF-এর সঙ্গে জোট হবে? অন্য কোনও দলের সঙ্গে মোর্চা-মঞ্চ গড়বে? নাকি শেষবেলায় চমকে দেওয়ার মতো কোনও সিদ্ধান্ত নিয়ে বসবে?— উত্তর দেবে সময়।

  • Link to this news (এই সময়)