এই সময়, আসানসোল: রাতে বার বার ফোন আসছে দেখে কল রিসিভ করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে উধাও ৫২ হাজার টাকা! এমনই প্রতারণার শিকার হলেন হিন্দুস্তান কেবলসের (Hindustan Cables) প্রাক্তন কর্মী, রূপনারায়ণপুরের রূপনগরের বাসিন্দা স্বপন নাথ। এই বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ায় তিনি পড়েছেন আর্থিক সঙ্কটে।
স্বপন জানাচ্ছেন, তিনি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে টাকা তোলা, বিদ্যুতের বিল দেওয়া, টাকা পাঠানোয় স্বচ্ছন্দ। মোবাইলের নির্দিষ্ট একটি পাসওয়ার্ড দিয়ে তা লক করাও থাকে। কিন্তু ১১ মার্চ হঠাৎ লক্ষ্য করেন, তাঁর নিজের ঠিক করা পাসওয়ার্ড কাজ করছে না। বেশ কয়েকবার চেষ্টার পরে হঠাৎ একটি নতুন পাসওয়ার্ড আসে এবং তা ব্যবহার করে মোবাইল চালুর জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু নতুন পাসওয়ার্ড তিনি কাজে না–লাগিয়ে ঠিক করেন, পরিচিত মোবাইল ফোনের দোকানে গিয়ে বিষয়টি জেনে তাঁর পুরোনো পাসওয়ার্ড অ্যাক্টিভেট করে নেবেন।
১৩ মার্চ রাত ১১টা নাগাদ স্বপ্নেপর মোবাইলে একটি কল আসে। ট্রু কলারে দেখতে পান, যিনি ফোন করছেন তাঁর নাম দিলদার খান এম। তিনি কল ধরেননি। দ্বিতীয়বারও একই জায়গা থেকে ফোন আসায় স্বপনের মনে হয়, কেউ হয়তো অসুবিধায় পড়ে কেউ ফোন করছেন। তিনি কল রিসিভ করেন এবং দেখেন, পুরোনো পাসওয়ার্ড চালু হয়ে মোবাইলের লক খুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করে দেখেন, ৫২ হাজার টাকা গায়েব! স্বপন অনলাইনে সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে বিস্তারিত ভাবে ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সাইবার অপরাধীরা ওই মোবাইল নম্বর হ্যাক করে এই কাজ করেছে।