• টিকিট না পাওয়ার জল্পনা নিয়ে প্রশ্ন করতেই লাভলি বললেন...
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • একুশে জেতা তৃণমূলের একাধিক বিধায়ক এ বার টিকিট পাচ্ছেন না বলে জোর জল্পনা। সেই গুঞ্জনে নাম শোনা যাচ্ছে, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের (Lovely Maitra)। এমনও গুঞ্জন, অন্য কোনও কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে লাভলিকে। রবিবার এলাকায় জনসংযোগে বেরিয়ে এ নিয়ে মুখ খুললেন লাভলি।

    লাভলি মৈত্র বলেন, ‘প্রার্থী কে হবে, কোথায় হবে তা দল ঠিক করে। এটা দলের সিদ্ধান্ত। এ বিষয়ে আমরা কেউ কথা বলি না। আমার কাজ যেটা, আমি সেটা করছি, সেটাই করব।’

    নির্বাচন ঘোষণার আগেই শক্তি প্রদর্শনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করলেন বিধায়ক লাভলি মৈত্র। তাঁর টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। দলেরই একাংশ তাঁর বিরোধিতা করছে বলেও খবর। এই পরিস্থিতিতে এ দিন বাইক মিছিলে দেখা গেল তাঁকে।

    রবিবার লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে শুরু হয় এই বাইক মিছিল। সেখান থেকে হরিনাভী, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া, তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত মিছিল যায়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    লাভলি বলেন, ‘আমরা অপেক্ষা করছি কখন ভোট ঘোষণা হবে। আমাদের জয় এখন সময়ের অপেক্ষা। সোনারপুর দক্ষিণ বিধানসভায় এই Rally করে আজ আমরা বিজেপিকে একটা ট্রেলার দেখালাম। সিনেমা এখনও বাকি আছে। SIR-এর নাম করে যে ভাবে সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার প্রতিবাদে বাংলার মানুষ এক হয়েছে। বিজেপি তার জবাব পাবে। এ লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই।’

    যদিও বিজেপির দাবি, এ বার বাংলায় পদ্মের জয়জয়কার হবে।

  • Link to this news (এই সময়)