Big Breaking: ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্তর্বর্তিকালীন বাজেটে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সাহায্য বৃদ্ধি করা হয়েছিল। রবিবার রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেনদের আর্থিক সহায়তা বাড়ালেন মুখ্যমন্ত্রী।
এ দিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’ একইসঙ্গে পুরোহিত ও মোয়াজ্জেনদের পক্ষ থেকে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনপত্র গ্রহণ হয়েছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, ‘এমন একটি পরিবেশ গড়ে তুলতে পেরে আমরা গর্বিত, যেখানে প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ঐতিহ্যকে যথাযথ মর্যাদা ও শক্তি প্রদান করা হয়। আমাদের এই সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের ধারকদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করাই আমাদের নিরন্তর প্রচেষ্টা।’