আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার শহরের পাটাকুড়া সংলগ্ন স্বপন নগর এলাকায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গৃহস্থ বাড়ির ভেতরে রাখা ল্যাপটপ হঠাৎ বিস্ফোরিত হওয়ার পর থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা বাড়িটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে আচমকাই ওই বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রথমে আশপাশের মানুষজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বাড়ির ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, জামাকাপড়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং মজুত থাকা চাল-ডালসহ বহু জিনিস আগুনে পুড়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এলাকাবাসীদের অভিযোগ, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে আগুনের তাণ্ডবে বাড়ির ভেতরে থাকা অধিকাংশ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় বাড়ির বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন না। ফলে বড়সড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দমকল কর্মীদের সঙ্গে তাঁদের বচসাও হয় বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘরের ভেতরে রাখা একটি ল্যাপটপের ব্যাটারি বিস্ফোরণের জেরেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ জানতে দমকল ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।