আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেয়ে ইদের বাজার করতে গিয়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর সহ মোট তিনজনের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের নাম, আসিফ শেখ (১৫), মারফাজ শেখ (১৫) এবং সিরাজ শেখ (২১)।
আসিফ এবং মারফাজ সামশেরগঞ্জের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো এবং সিরাজ শেখ স্নাতক শ্রেণির পড়ুয়া ছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত তিনজনেরই বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদনীদহ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি মোটরসাইকেল করে আসিফ, মারফাজ এবং সিরাজ বাসুদেবপুর এলাকায় যাচ্ছিল ইদের জন্য নতুন জামাকাপড় কিনতে। এরপর স্থানীয় একটি বিরিয়ানির দোকানে খাওয়া দাওয়া করে তিনজনেরই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল।
সূত্রের খবর, ঘোষপাড়া এলাকা দিয়ে ওই তিনজন যখন জাতীয় সড়কে মোটরসাইকেল নিয়ে উঠে আসছিল সেই সময় ফরাক্কার দিক থেকে জঙ্গিপুরমুখী একটি লরি দ্রুত গতিতে এসে ওই বাইকে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় আসিফ এবং মারফাজের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সিরাজকে গুরুতর আহত অবস্থায় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রেফার করে দেন। কিন্তু পথেই মৃত্যু হয় ওই যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহী কোনও ব্যক্তির মাথায় হেলমেট ছিল না। লরির সঙ্গে ধাক্কা লাগার পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনজন। মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের।
খুশির ইদের ঠিক আগে একই গ্রামের দুই কিশোর এবং এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। সামশেরগঞ্জ থানার তরফ থেকে ইতিমধ্যেই মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বেশ কিছু বাসিন্দা অভিযোগ করেন, ইদের কেনাকাটার করার জন্য এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করতে রমজান মাসে ইফতার শেষ করে প্রতিদিনই বেশ কিছু যুবক জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়। দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, জাতীয় সড়ক ধরে ঘাতক লরিটি যেমন দ্রুতগতিতে যাচ্ছিল তেমনি মোটরসাইকেলটিও দ্রুত গতিতে চলছিল। জাতীয় সড়কের ওঠার আগে দু'পাশে না দেখে অত্যন্ত দ্রুতগতিতে বাইকটি জাতীয় সড়কের অপরপ্রান্তে যাওয়ার চেষ্টা করছিল।
লরিটির গতি বেশি থাকার কারণে ব্রেক কষলেও দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ওই বাইকের কোনও আরোহীর মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনার পর রাস্তায় পড়ে গিয়ে তাদের গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়।