• ভোটের মুখে রাজ্যে বিপুল পরিমাণে নগদ উদ্ধার, চাঞ্চল্য খড়্গপুরে
    আজ তক | ১৫ মার্চ ২০২৬
  • ছাব্বিশের নির্বাচনের মুখেই রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণে নগদ। খড়্গপুর স্টেশন থেকে এই বিশাল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।  জানা গিয়েছে, যুবকের ব্যাগ থেকে ৫০ লক্ষের বেশি নগদ টাকা উদ্ধার করল জিআরপি। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। এতগুলো টাকা নিয়ে ওই যুবক কী করছিল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

    সূত্রের মারফত জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে খড়গপুর স্টেশনের দু নম্বর প্লাটফর্মে।  স্টেশনে কর্মরত রেল পুলিশের আধিকারিকেরা হঠাৎ করেই দেখতে পান, এক যুবক পিঠে কালো একটি ব্যাগ নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে।  বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতে রেল পুলিশের আধিকারিকেরা ওই যুবককে আটক করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন৷  তাঁর ব্যাগ পরীক্ষা করতেই সেখান থেকে বেরিয়ে আসে নগদ ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা।

    এরপর ওই যুবকের কাছে টাকার উৎস জানতে চাওয়া হয়। কিন্তু যুবক তার সঠিক তথ্য দিতে পারেনি বলে পুলিশ সূত্রে দাবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবক দাবি করে, সে ওড়িশার বেহারামপুর এলাকায় একটি সোনার দোকানের কর্মী। যদিও রেল পুলিশের দাবি তাঁর কথায় অনেক অসঙ্গতি রয়েছে। ওই যুবকের সমস্ত কথাবার্তা মিলিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। 

    ওই যুবকের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, সত্যি তার প্রকৃত পরিচয় কী সবটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি মিতুন কুমার দে। তিনি জানিয়েছেন, ওই যুবকের নাম ইব্রাহিম মোল্লা। বছর ৪২-এর ওই যুবকের বাড়ি হুগলি জেলায়। তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
    - শাহজাহান আলি

     
  • Link to this news (আজ তক)