• FASTag-এর বার্ষিক পাসের দাম বাড়াল কেন্দ্র, লাগু ১ এপ্রিল থেকে, বাড়তি কত টাকা গুণতে হবে?
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • FASTag-এর বার্ষিক পাশের (FASTag Annual Pass) দাম বাড়াল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (National Highway Authority of India)। গত ১২ মার্চ নির্দেশিকা জারি করে এই খবর জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। ১ এপ্রিল (1st April) থেকে লাগু হবে নতুন ফি। তবে বাণিজ্যিক গাড়িগুলি ছাড় পাচ্ছে। নতুন ফি লাগু হবে শুধু মাত্র নন-কমার (Non-commercial) গাড়িতে। অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি, জিপ বা ভ্যানের মালিকদের এখন থেকে বাড়তি কড়ি খরচ করতে হবে।

    নির্দেশিকায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, আগে বার্ষিক পাসের দাম ছিল ৩,০০০ টাকা। এখন তা বেড়ে ৩,০৭৫ টাকা হলো। অর্থাৎ দাম বাড়ল ৭৫ টাকা। উল্লেখ্য, গত বছরের ১৫ অগস্ট থেকে এই পাস চালু হয়েছিল। জাতীয় সড়ক নিয়মিত চলাচল করে এমন গাড়িগুলিকে যাতে টোলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা।

    রাজমার্গ যাত্রা অ্যাপ এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট থেকে FASTag পাস নবীকরণ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এর জন্যে FASTag-কানেকটেড অ্যাকাউন্টে লগ ইন করে গাড়ির রেজিস্ট্রেশন এবং মোবাইল নম্বর দিতে হবে। তার পরে UPI, ডেবিট বা ক্রেডিট কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিলেই সক্রিয় হয়ে যাবে পাস।

    FASTag-এর বার্ষিক পাস এক বছর বৈধ থাকবে। কিংবা সর্বাধিক ২০০ টোল প্লাজ়া ব্যবহার করতে পারবেন চালক। এতে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। সেটা হলো, বিভিন্ন টোল প্লাজ়ায় ফি আলাদা হলেও ফাস্ট্যাগে আলাদা ফি দিতে হয় না।

    কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ৫০ লক্ষের বেশি গাড়ির মালিক FASTag-এর বার্ষিক পাস ব্যবহার করেন। আর সাধারণ FASTag ইস্যুর সংখ্যা ১১.৮৬ কোটি। এর মধ্যে ৫.৯ কোটি ফাস্ট্যাগ সক্রিয় রয়েছে। টোল লেনদেনের ২৮ শতাংশ আসে FASTag থেকে।

  • Link to this news (এই সময়)