• দেওয়াল কার? বিজেপি-সিপিএমের তুমুল ঝামেলা উত্তরপাড়ায়
    এই সময় | ১৫ মার্চ ২০২৬
  • দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তরপাড়ায় (Uttarpara) সম্মুখ সমরে সিপিএম-বিজেপি (Chaos between CPIM-BJP)। অভিযোগ, বিজেপির লেখা দেওয়াল সিপিএম দখল করে নিচ্ছে। যদিও সিপিএমের পাল্টা দাবি, এই দেওয়ালে তারাই লেখে। জোর করে বিজেপি ক্ষমতা কায়েমের চেষ্টা করছে। রবিবার অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে তুমুল অশান্তি শুরু হয় হুগলির উত্তরপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ধর্মতলা লেনে।

    বিজেপির অভিযোগ, তাদের লেখা দেওয়াল শনিবার সিপিএম দখল নিয়েছে। বিজেপি কর্মীরা ব্রিগেডে গিয়েছিলেন। সেই সুযোগে দেওয়াল দখল করে নেয়। রবিবার বিজেপি কর্মীরা সেই দেওয়ালে চুন লেপে পদ্মফুল এঁকে দেয়।

    পাল্টা সিপিএমের অভিযোগ, এই দেওয়ালে কিছুই লেখা ছিল না। তাই তারা লিখেছে। আর এই দেওয়ালে তারা দীর্ঘদিন ধরে লেখে। সিপিএমের কোতরং এরিয়া কমিটির সদস্য সুপ্রিয় মজুমদার বলেন, ‘প্রতি বছর সিপিএমের পক্ষ থেকে আমরা এই দেওয়াল লিখি। গত বছর বিজেপি দেওয়ালে চুনকাম করে। সে বার বলেছিলাম, তখন বলেছিল, এ বার চুন করা হয়ে গিয়েছে। পরের বার তোরা লিখিস। এ বার যখন আমরা দেওয়াল চুন করি, তখন এসে ঝামেলা করছে।’

    বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রণয় রায় পাল্টা বলেন, ‘বেশ কিছু দিন ধরে দেখছি উত্তরপাড়ায় তৃণমূল নেই, তৃণমূলের হয়ে সিপিএম রাস্তায় নেমেছে। যে দেওয়ালগুলোয় আমরা লিখেছি, সেই সব দেওয়াল সিপিএম দখল নিচ্ছে। এখানে আমাদের প্রতিপক্ষ সিপিএম নয়, তৃণমূল। অথচ দেখছি তৃণমূল এগিয়ে আসছে না, সিপিএমকে এগিয়ে দিচ্ছে।’

    তৃণমূল নেতা সন্দীপ দাসের পাল্টা খোঁচা, ব্রিগেডে মোদীর সভা ফ্লপ হয়েছে। তাই এখন বিজেপি এ সব বলছে।

  • Link to this news (এই সময়)