বড় কাছারি মন্দিরে (Baba Boro Kachari Temple) পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার বিকেলে চারটি ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন (Election Commission)। ঠিক সেই সময়ে বাংলার মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কাছারি মন্দিরে পুজো দিতে দেখা গেল অভিষেককে। অবশ্য আগে থেকেই এ দিনের কর্মসূচি ঠিক ছিল তাঁর। পরে একটি X পোস্টে পুজো দেওয়ার কথা জানান অভিষেক নিজে।
এ দিন বিকেল ৪টে নাগাদ কাছারি মন্দিরে পৌঁছন অভিষেক। ২০২৪-এর ১৮ এপ্রিল আচমকাই আগুনে পুড়ে গিয়েছিল মন্দিরের বাইরের অংশ। ছাই হয়ে গিয়েছিল আশপাশের প্রায় ৭০টি দোকান। নিজের সংসদ তহবিলের টাকায় মন্দির মেরামতির উদ্যোগ নিয়েছিলেন অভিষেক। তৈরি করে দেন দোকানও। এ দিন মন্দিরে পৌঁছে প্রথমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে দোকানের চাবি তুলে দেন তিনি।
এর পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন বিষয়ে খোঁজখবরে নেন। এর পরে মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। X পোস্টে অভিষেক লিখেছেন, ‘সর্বশক্তিমান ইশ্বরের কাছে বাংলার মানুষের সুস্বাস্থ্য, মঙ্গল ও সমৃদ্ধি চেয়েছি। আমাদের রাজ্য যেন শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে চলতে পারে, এটাই প্রার্থনা।’
ডায়মন্ড হারবার অভিষেকের সংসদীয় ক্ষেত্র। এলাকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক যোগ। অভিষেক নিজেই লিখেছেন সেই কথা, ‘ডায়মন্ড হারবারের মানুষের সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর। বিশ্বাস, স্নেহ এবং একসঙ্গে পথ চলার বন্ধনে তা গড়ে উঠেছে। যতদিন বেঁচে থাকব, তাঁদের এই আস্থা, বিশ্বাস যাতে বজায় থাকে তার জন্য কাজ করে যাব।’
উল্লেখ্য, রাজনৈতিক কর্মসূচিতে জেলা সফরে গেলে বেশিরভাগ সময়েই স্থানীয় মন্দিরে পুজো দেন অভিষেক। এমনটা বারবার দেখা গিয়েছে। জানুয়ারি মাসেও তিনি কোচবিহার সফরে গিয়েছিলেন। সেই সময়েও মদনমোহন মন্দিরে (Madanmohan Temple) পুজো দিয়েছিলেন তিনি।