আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ২৬-এর বিধানসভা নির্বাচন ও ফলাফলের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছরে রাজ্যে দু'দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এপ্রিলের শেষেই দু'দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়। মে মাসের শুরুতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
কবে মনোনয়ন জমা ও প্রত্যাহার করা যাবে:
প্রথম দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল।
দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ১,১৫২ জন।
বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করছে কমিশন। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় সাড়ে আট লক্ষ। ভোটের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হচ্ছে।