আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত হলো রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা ভোটের চূড়ান্ত তালিকা। নির্বাচন কমিশনের এই তালিকায় উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মেদিনীপুর পর্যন্ত এক বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভোটের নির্ঘণ্ট।
প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এপ্রিলের শেষেই বাংলায় নির্বাচন। মে মাসের শুরুতেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলায় আগামী ২৩ ও ২৯ এপ্রিলে দু'দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ মে ফলাফল ঘোষণা করা হবে।
রবিবার বিকেল চারটেয় বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এদিন একসঙ্গে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।
কবে, কোন রাজ্যে ভোট ও ফলাফল -
পশ্চিমবঙ্গ - দু'দফায় ভোট। ২৩ ও ২৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
অসম- একদফায় ভোট। ৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে
কেরল - একদফায় ভোট। ৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
পুদুচেরি - একদফায় ভোট। ৯ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
তামিলনাড়ু - একদফা। ২৩ এপ্রিল।
ফলাফল - ৪ মে।
দিন কয়েক আগেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলা থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যেই এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা যায়নি। সেই প্রক্রিয়া এখনও চলছে।