বাংলার ভোটে কড়া নজর কমিশনের, দ্বিতীয় দফায় ছয়লাপ কেন্দ্রীয় বাহিনী
দৈনিক স্টেটসম্যান | ১৬ মার্চ ২০২৬
ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ২৪০ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠিয়েছে। ইতিমধ্যেই সেই বাহিনী বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে। খুব শিগগিরই আরও বাহিনী রাজ্যে পৌঁছবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য বিষয় হল, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণের দিন ২৩ এপ্রিল হলেও তার আগে কেরল, আসাম এবং পুদুচেরিতে ভোট হয়ে যাবে। এই তিন রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।
নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সূত্রের খবর, আসামে ভোট শেষ হওয়ার পর সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গে আনা হবে। একইভাবে ২৩ এপ্রিল তামিলনাড়ুতেও এক দফায় ভোটগ্রহণ শেষ হবে। ফলে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের সময় আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সুযোগ থাকবে।
পশ্চিমবঙ্গে গত কয়েকটি বিধানসভা নির্বাচনের সময় থেকেই রাজনৈতিক হিংসা এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নির্বাচনের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই সাধারণত শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়। রবিবারের সাংবাদিক বৈঠকেও সেই প্রশ্ন উঠে আসে। সাংবাদিকরা জানতে চান, কমিশন কতটা আত্মবিশ্বাসী যে এবারের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এই বিষয়ে জবাব দিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। গত নির্বাচনের পর যে সব পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল, তাঁদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কমিশন আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন।