ডিএ প্রদানের ঘোষণা দীর্ঘ আইনি লড়াই ও আন্দোলনের ফল, দাবি কর্মচারী সংগঠনের
দৈনিক স্টেটসম্যান | ১৬ মার্চ ২০২৬
সংগঠনের তরফে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকে এই দাবিতে একদিকে যেমন প্রশাসনিক আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চলেছে, তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আন্দোলনও চালিয়ে গিয়েছেন কর্মচারীরা। গত ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত রোপা ২০০৯ অনুযায়ী মোট বকেয়া ডিএ-র প্রথম কিস্তি হিসেবে ২৫ শতাংশ প্রদানের নির্দেশ দিলেও সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ সংগঠনের।
এই পরিস্থিতিতে প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে কর্মচারী সংগঠনগুলি। শিক্ষক, চিকিৎসক, নার্স ও পঞ্চায়েত কর্মচারীদের একাধিক সংগঠনকে নিয়ে গঠিত ‘জয়েন্ট মুভমেন্ট ফোরাম’-এর উদ্যোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আন্দোলন চলছে বলে সংগঠনের দাবি। সংগঠনের নেতাদের বক্তব্য, দীর্ঘ আইনি লড়াই ও রাস্তায় লাগাতার আন্দোলনের ফলেই এই ঘোষণা সম্ভব হয়েছে। তবে শুধু আংশিক ঘোষণা নয়, কর্মচারীদের পূর্ণ ন্যায্য দাবি মেটানো প্রয়োজন।
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এ আই সি পি আই সূচক অনুযায়ী বকেয়াসহ ৩৬ শতাংশ ডিএ অবিলম্বে প্রদান করতে হবে। সংগঠনের দাবি, ডিএ-কে প্রকৃত অধিকারের মর্যাদা দিতে হলে সমস্ত সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে হবে।
সংগঠনের পক্ষ থেকে কর্মচারীদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, ন্যায্য দাবির স্বার্থে আগামী দিনেও আন্দোলন জোরদার করতে হবে।