• ভোট ঘোষণার দিনেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল কমিশন, সোমবার দায়িত্ব নিচ্ছেন কারা?
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • রবিবার, ভোট ঘোষণার দিনেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দিল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ছিলেন তিনি। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘমিত্রা ঘোষ। তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দপ্তরের সচিব ছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে কমিশন। 

    এদিন পর্যন্ত বাংলার মুখ্যসচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। আর স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীপ প্রসাদ মিনা। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পরে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। কমিশনের হাতে বিশেষ ক্ষমতা রয়েছে রাজ্যের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলি করার। এর আগেও ভোটের আগে প্রসাসনিক ক্ষেত্রে এই ধরনের বদল দেখা গিয়েছে। তবে একই সঙ্গে রাজ্যের দুই শীর্ষস্থানীয় আমলাকে সরিয়ে দেওয়াটা সম্ভবত এই প্রথম।

    চলতি বছরের প্রথমদিনই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছিলেন নন্দিনী চক্রবর্তী। বাংলার ইতিহাসে তিনিই প্রথম মহিলা মুখ্যসচিব। অন্তত ৮ জন সিনিয়র অফিসারকে এড়িয়ে তাঁকে মুখ্যসচিব করা হয়েছিল।

    ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়ায় একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁকে দিল্লিতে তলব করেছিল নির্বাচন কমিশন। ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে জাতীয় নির্বাচন ভবনে কমিশনের ফুল বেঞ্চের সামনে কড়া সতর্কবার্তার মুখে পড়েছিলেন নন্দিনী।

    অন্যদিকে, রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে ভিন রাজ্যের (অসম, কেরালা, তামিলনাড়ু ইত্যাদি) বিধানসভা নির্বাচনে 'কেন্দ্রীয় পর্যবেক্ষক' (Central Observer) হিসেবে নিয়োগ করেছে কমিশন। সাধারণত কোনও রাজ্যের মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিবদের এই ধরনের দায়িত্ব দেওয়া হয় না।

    নবান্নের তরফ থেকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রসচিব-সহ ৯ জন IAS অফিসারকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করা হলেও, কমিশন তা সরাসরি খারিজ করে দিয়েছিল। এদিন কমিশন সাফ জানিয়েছে, রাজ্যের নির্বাচনের কোনও কাজে এই দুই আইএএস অফিসারকে রাখা যাবে না।

  • Link to this news (এই সময়)