এই সময়: দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকায় বাবা বড় কাঁছারি মন্দির সংলগ্ন স্টলগুলি রবিবার প্রাপকদের হাতে তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৪–এর এপ্রিলে অগ্নিকাণ্ডে এই স্টলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের একাংশও। এই মন্দির অভিষেকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কার এবং পুড়ে যাওয়া স্টলগুলি পুনর্নির্মাণ করতে উদ্যোগী হয়েছিলেন তৃণমূলের (TMC) লোকসভার দলনেতা।
অভিষেকের সাংসদ তহবিলের অর্থে, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ অভিষেকের সাংসদ তহবিলের অর্থে এই কাজ করেছে। অভিষেক রবিবার নবনির্মিত স্টলগুলির প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। ফেসবুক (Facebook) অভিষেক এ দিন লিখেছেন, ‘বছর দুয়েক আগে মন্দির সংলগ্ন স্টলগুলি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় মানুষের জীবিকা। মন্দির সংলগ্ন এলাকায় নির্মিত নতুন স্টলগুলির কুঞ্চিকা তুলে দিলাম তাঁদের হাতে।’ নবনির্মিত স্টলগুলির সূচনার পাশাপাশি এ দিন বাবা বড় কাঁচারি মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক ফেসবুকে লিখেছেন, ‘সাতগাছিয়ার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্কের যে অটুট বন্ধন তা চিরকাল থেকে যাবে। সর্বধর্ম সমন্বয়ের এই বাংলায় একতার মেলবন্ধন চিরকাল অক্ষুন্ন থাকুক।’ নতুন স্টল ছাড়াও মন্দিরের নতুন প্রবেশদ্বার, পানীয় জলের নতুন সিস্টেম, শৌচালয় নির্মিত হয়েছে। নব নির্মিত মন্দির প্রাঙ্গণ এ দিন ঘুরে দেখেছেন অভিষেক। সেখানে উপস্থিত মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। অগ্নিকাণ্ডে বাবা বড় কাঁচারি মন্দিরে আশেপাশের স্টলগুলি পুড়ে যাওয়ার পর অভিষেক ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। ঠিক দু–বছরের মাথায় সেই আশ্বাস বাস্তবায়িত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক এ দিন সাতগাছিয়াতে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় এক প্রবীণ সাইকেল আরোহীকে পড়ে যেতে দেখেন। এই বৃদ্ধকে রাস্তায় পড়ে যেতে দেখে অভিষেক তাঁর কনভয় থামিয়ে দেন। গাড়ি থেকে নেমে দ্রুত ওই বৃদ্ধের কাছে যান। তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। বৃদ্ধের সঙ্গে কথা বলেন। বড় কোনও আঘাত লেগেছে কিনা জানতে চান অভিষেক। নিরাপত্তারক্ষীরা এই বৃদ্ধকে রাস্তার ধারে নিয়ে যায়। পরে পুলিশ এই বৃদ্ধিকে তাঁর গন্তব্যে পৌঁছতে সাহায্য করেছে।