• পাল্টানো দরকার, বিজেপি সরকার, ‘চাই’ ভুলে অস্বস্তিতে পদ্ম শিবির
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • জয় সাহা

    দৃশ্য ১: দমদমের একটি পাড়ায় দেওয়াল লিখন চলছে। তুলি হাতে ধরা শিল্পীকে পাশে দাঁড়ানো এক বিজেপি নেতার নির্দেশ, 'এ বার স্লোগানটা লিখে দাও।' বলে তিনি চলে গেলেন। ফিরে দেখেন, লেখা কমপ্লিট। পদ্মফুল ঘিরে রেখেছে বিজেপির (BJP) ২০২৬–এর নির্বাচনী স্লোগান। শিল্পী তাঁর শিল্পকর্ম সেরে দুপুরের খাবার খেতে বাড়ি চলে গিয়েছেন। নেতা দেখেন, লেখার কথা ছিল— 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার'। কিন্তু লেখা হয়েছে, 'পাল্টানো দরকার, বিজেপি সরকার!' 'চাই' শব্দটা জাস্ট নেই, ফলে মানেও পুরো উল্টো। নেতার হম্বিতম্বিতে ফের শিল্পীকে তুলে এনে 'চাই' লেখানো হলো।

    দৃশ্য ২: বিজেপির খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Kharagpur MLA Hiran Chatterjee) ফেসবুকে পরিবর্তন সংকল্প যাত্রার ছবি পোস্ট করে লিখলেন দলের নির্বাচনী স্লোগান। সেখানেও 'চাই' মিসিং। যতক্ষণে পোস্ট এডিট করলেন, ততক্ষণে লক্ষ লক্ষ স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেট–নাগরিকদের একাংশের হাসাহাসি, 'নিজেরই দলের সরকারকে পাল্টানোর কথা বলছেন হিরো–হিরণ!' দৃশ্য ৩: এটাই ক্লাইম্যাক্স। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) মঞ্চ থেকে স্লোগান তুলছেন, 'পাল্টানো দরকার।' আর জনতা বলছে বাকিটা। মোদী বলছেন, 'পাল্টানো দরকার...', জনতা বলছে, 'বিজেপি সরকার!' এই স্লোগানের দৃশ্যও এখন 'ভাইরাল'।

    বঙ্গ বিজেপি নেতাদের একাংশও মানছেন, এই পাল্টানোর স্লোগান নিয়ে বড্ড বেশি বিভ্রান্তি হচ্ছে। তাই দলীয় কর্মীদের বারংবার সতর্ক করে দিচ্ছেন তাঁরা। যেন মনে না হয়, বিজেপিই বিজেপির সরকার পাল্টানোর কথা বলছে। দলীয় সূত্রে খবর, এর আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের শিবির একটি স্লোগান বানিয়েছিল— 'বাঁচতে চাই, বিজেপি তাই'। এখনও বহু জায়গায় বিজেপির দেওয়াল লিখনে এই স্লোগান দেখা যায়। শমীক নিজেও বহু সভায় এটা বলেন।

    কিন্তু ভোট দেখভালের জন্য তিনটি ভোটকুশলী সংস্থাকে নিয়োগ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের প্রথম সাজেশন ছিল — 'সইবে না বাংলা'! পরে এই স্লোগান বাতিল হয়ে যায়। শেষমেশ বর্তমান স্লোগানে, অর্থাৎ 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার' মনে ধরেছে কেন্দ্রীয় নেতৃত্বের। এ নিয়ে একটু–আধটু ক্ষোভ–বিক্ষোভ যে দলের অন্দরে নেই, তা নয়। রাজ্যের এক পদ্মনেতার কথায়, 'চাই শব্দটা ব্যবহার না হলে যে ছন্দপতন হবে এবং মানেটাই পুরো বদলে যাবে, সেটা আমরা আগেই বুঝেছিলাম।' তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী খানিকটা কটাক্ষ করে বলেন, 'একেই বলে ফ্রয়েডিয়ান (মনোরোগ চিকিৎসার জনক সিগমুন্ড ফ্রয়েড) স্লিপ, অর্থাৎ মানুষের মনে যা, মুখে তাই। সত্যিই তো ১০০০ টাকার গ্যাস, জনতাকে লাইনে দাঁড় করানো কেন্দ্রীয় সরকারের বদলই চাইছেন মানুষ। ভুল করেই ঠিক স্লোগান দিচ্ছেন ওঁরা।' যদিও বিজেপির তরফে রাজ্যসভার নির্বাচনে জয়ী রাহুল সিনহা বলেন, 'না না সবাই চাই বলছে। আমি তো পরিবর্তন যাত্রায় শুনে এলাম, কোনও বিভ্রান্তি নেই।'

  • Link to this news (এই সময়)