ভোট ঘোষণার পরেই রক্তাক্ত দিনহাটা। রবিবার রাতে তৃণমূলের যুবনেতাকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে। দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে কোমরে আঘাতের অভিযোগ BJP-র বিরুদ্ধে। আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবনেতা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সোমবার রাজ্যসভার নির্বাচন। এদিন ১১ আসনে হবে নির্বাচন। প্রথমে ১০টি রাজ্যে রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গ-সহ সাতটি রাজ্যে ভোটাভুটির প্রয়োজন হয়নি। কারণ যতগুলি শূন্য আসন, তত জনই প্রার্থী ছিলেন। কিন্তু ওডিশা, বিহার ও হরিয়ানায় আসনের থেকে বেশি প্রার্থী রয়েছেন। তাই সেখানে বিধায়কদের ভোটের ভিত্তিতেই আজ ঠিক হবে, কে রাজ্যসভায় যাবেন।
ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর (CMO) জানিয়েছে, মোহনচরণ মাঝি কটকের SCB Medical College and Hospital-এর অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের চিকিৎসা যেন কোনওভাবেই ব্যাহত না হয়।
২০২৬ অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিল পল থমাস অ্যান্ডারসনের One Battle After Another। তেয়ানা টেলর, লিওনার্দো ডিক্যাপ্রিও, চেজ় ইনফিনিটি, বেনিসিও দেল টোরো, রেজিনা হল এবং শন পেন অভিনয় করেছেন এই সিনেমায়।
সোমবার রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তেলঙ্গানার মেচ্চাল–মালকাজগিরি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। উপ্পল থানার অন্তর্গত মেদিপল্লি এলাকায় একটি দ্রুতগতির গাড়ি দু’টি মোটরবাইকে ধাক্কা মারে এবং বেশ খানিকটা টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দু’জন। অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।