এই সময়, খড়্গপুর: মালদার মানবসম্পদ ও সামাজিক উন্নয়নে কাজ করবে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)। সেই উদ্দেশে ‘মউ’ স্বাক্ষরিত হলো। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক (BJP MLA from Englishbazar) শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে মউ সাক্ষর করলেন খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী। মূলত, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এই কাজ হবে বলে জানা গিয়েছে। যেখানে খড়্গপুর আইআইটির ভূমিকা থাকবে পরিকল্পনা বাস্তবায়নের। যার সঙ্গে যুক্ত করা হবে মালদার বিএসএফ, ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশন এবং ইংরেজ বাজারের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনকেও। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে আইআইটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করায় খুশি খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষও।
এ নিয়ে আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, ‘ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আইআইটির প্রযুক্তি ব্যবহার করে এলাকার উন্নয়নের জন্য আগেই আবেদন জানিয়েছিলেন। সেই মতো তিনি প্রকল্প রিপোর্ট তৈরি করেন। তা মঞ্জুরও হয়েছে। তিনি বলেন, ‘জেলাশাসকের কাছে সেই প্রকল্পের প্রথম ধাপের অর্থও এসে গিয়েছে। তারপরেই মউ সাক্ষর হলো। ধাপে ধাপে যেমন টাকা মিলবে সে ভাবেই চলবে উন্নয়নের কাজ। আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী উন্নয়নের চেষ্টা করব।’
কী কী কাজ হবে? আইআইটি সূত্রে জানা গিয়েছে, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডিজিটাল টেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি কাজে লাগিয়ে শিক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং উন্নয়নমূলক কাজের স্থায়ীত্বের বিষয়টি দেখা হবে। মহদিপুর গৌড়িয় হাইস্কুল এবং আকুরমনি করোনেশন ইন্সটিটিউশন – এই দু’টি স্কুলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে, রোবোটিক্স এবং আইওটি কম্পোনেন্ট যুক্ত অত্যাধুনিক পরীক্ষাগার তৈরি করা হবে। অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো শিক্ষা সরঞ্জাম থাকবে অঙ্ক এবং জীবন বিজ্ঞানের মতো বিষয়েও।
যার মূল লক্ষ্য ডিজ়িটাল শিক্ষাকে মজবুত করার পাশাপাশি এবং প্রযুক্তিগত শিক্ষারও প্রসার ঘটানো। বিভিন্ন জায়গায় বসানো হবে সৌর বিদ্যুতের নেটওয়ার্ক। যাতে বিএসএফ বা ইস্টার্ন রেলওয়ের সুবিধে হবে। যে সব জায়গা অন্ধকারে ঢেকে থাকার ফলে সমস্যা দেখা দেয়, তাও দৃশ্যমান হবে এই আলোর কারনে। ফলে কাজের সুবিধে হবে বিএসএফ এবং রেলের। এ ছাড়াও জনবহুল জায়গা যেমন—পার্ক, জলাশয়, বাজার, বিরসা মুন্ডা স্পোর্টস কমপ্লেক্স, ইংরেজবাজার কেন্দ্রীয় বিদ্যালয়ে সোলার প্রযুক্তি ব্যবহার করে আলোকিত করা হবে।