নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভর সন্ধ্যায় ব্যস্ত কল্যাণী এক্সপ্রেসওয়েতে দৌড়চ্ছে কুকুর। চলন্ত বাইকে বসে কুকুরের গলার লেস ধরে রয়েছে এক দম্পতি। বাইকের সঙ্গে তাল মেলাতে গিয়ে মাঝেমধ্যে উলটে পড়ছে কুকুরটি। তারপরও তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় বইছে। বারাকপুর কমিশনারেটের তরফে আইনগত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন বারাকপুরের ওয়্যারলেস মোড়ে যমরাজ ও চিত্রগুপ্তের পোশাকে ট্রাফিক পুলিশ পথচারীদের সচেতন করে।
কুকুর ছোটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ালে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। তবে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট বোঝা যায়নি। ভরা সন্ধ্যায় কয়েক কিলোমিটার পথ ধরে এমন ঘটনা ঘটলেও তা কীভাবে পুলিশের নজর এড়াল তা নিয়েও প্রশ্ন উঠেছে। বারাকপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ের কোন এলাকায় ওই ঘটনা ঘটেছে তা ভিডিয়ো দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। এরপর সংশ্লিষ্ট থানায় পশু নির্যাতনের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে। অন্যদিকে, পথচারীদের সচেতন করতে এদিন যমরাজ ও চিত্রগুপ্তের সাজে রাস্তায় নামে ট্রাফিক পুলিশ। বারাকপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে ভিন্নধর্মী এই সচেতনতা অভিযান ঘিরে কৌতূহল ছড়াল ওয়্যারলেস মোড় এলাকায়।