গঙ্গাসাগর সেতুর প্রস্তাবিত নকশা প্রকাশ, শুরু হল নির্মাণের প্রস্তুতি
বর্তমান | ১৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। তারপর এবছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসে শিলান্যাস করেছিলেন সেতুর। এবার সাগরবাসীর স্বপ্নপূরণ স্রেফ সময়ের অপেক্ষা। কারণ কাকদ্বীপ থেকে সাগর যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের প্রস্তুতির কাজ শুরু করল নির্মাণকারী সংস্থা ‘লারসন অ্যান্ড টুবরো’ (এল অ্যান্ড টি)। তারা এই কাজের বরাত পেয়েছে।
রবিবার সাগরে সেতু সংক্রান্ত একটি বৈঠক হয়। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা উপস্থিত ছিলেন সেখানে। বৈঠকে এল অ্যান্ড টি’র তিন প্রতিনিধি প্রস্তাবিত সেতুর কারিগরি নকশা সকলকে দেখান। ব্রিজের দৈর্ঘ্য, স্তম্ভের বিন্যাস এবং স্থায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। বৈঠক শেষে প্রশাসনিক কর্তা ও ইঞ্জিনিয়াররা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। কাকদ্বীপ লট এইটের দিকে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে এল অ্যান্ড টি। বৈঠকে সংস্থার পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে।
অন্যদিকে জানা গিয়েছে, সাগরের দিকে কিছু পরিমাণ জমি কিনেছে এল অ্যান্ড টি। তাদের আরও দশ বিঘা জমির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে। সেতু তৈরির বড়ো আকারের যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী রাখার প্রয়োজনে লাগবে জমি। পাশাপাশি যাঁরা কাজ করবেন তাঁদের থাকারও বন্দোবস্ত হবে। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই প্রকল্প সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে। মুড়িগঙ্গা নদীর নাব্যতার কথা মাথায় রেখে অত্যাধুনিক নকশা তৈরি হয়েছে। সেতু তৈরির পর পর্যটনে সুবিধা হবে। গঙ্গাসাগর মেলায় যাতায়াতও সহজ হবে। কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন। নকশা অনুমোদনের পর শীঘ্রই পরিকাঠামোগত কাজ শুরু হতে চলেছে।