• হিমালয়ের পার্বত্য অঞ্চলে অসময়ে তুষারপাত, বন্ধ অটল টানেল, নেপথ্যে কী কারণ?
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • এখন মার্চের মাঝামাঝি। দেশ থেকেই উত্তরের শুষ্ক ঠান্ডা বাতাস বিদায় নিয়েছে অনেক দিনই। ভরা শীতে একাধিক বার একাধিক জায়গায় বরফ পড়েছিল। এ বার মার্চের মাঝামাঝি ফের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় রবিবার থেকে শুরু হলো তুষারপাত। এই অকাল তুষারপাতের কারণে বিপর্যস্ত পাহাড়ি এই রাজ্যগুলির জনজীবন। বহু পর্যটক ওই সব জায়গায় আটকে রয়েছেন।

    সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি হিমাচল প্রদেশের মানালিতে। অটল টানেলের কাছে বরফপাত হওয়ার কারণে আটকে পড়েছেন ১,০০০-এরও বেশি পর্যটক। জানা গিয়েছে, টানেলের দক্ষিণ মুখে সবথেকে বেশি বরফ জমেছে। আটকে গিয়েছে বহু গাড়ি। Border Road Organisation (BRO) এবং হিমাচল প্রদেশের পুলিশ পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করছেন।

    মার্চের মাঝামাঝিতে এমন অসময়ে তুষারপাতের কারণ হিসেবে মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু পূর্ব দিকে বইতে শুরু করে। এই বায়ুর গতিপথে একমাত্র বড় পর্বতশ্রেণি হিমালয়। তাই হিমালয় পার্বত্য অঞ্চলের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই গরম বায়ু মেঘ তৈরি করে। তার থেকেই হয় বৃষ্টিপাত। তাপমাত্রা হিমাঙ্কের তলায় নেমে গেলে হয় তুষারপাতও।

    মার্চের মাঝামাঝি সময়ে এমন তুষারপাতের ঘটনা বিরল। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকে এই পার্বত্য এলাকায়। তার প্রভাবেই তুষারপাতের সম্ভাবনা বাড়ে। যদিও বসন্তের শেষ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকে হিমালয়ের এই পার্বত্য অঞ্চলে। সেই কারণেই মার্চের শেষেও তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ, কাশ্মীর কিংবা উত্তরাখণ্ডে।

  • Link to this news (এই সময়)