• কলকাতার সিপি ও রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দিল কমিশন
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে রদবদল। ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বদলের পরে এ বার কলকাতার সিপি ও রাজ্য পুলিশের ডিজি বদল করল নির্বাচন কমিশন। সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। নতুন সিপি হলেন ১৯৯৬ সালের ব্যাচের IPS অজয়কুমার নন্দা। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি ও আইজিপি হলেন ১৯৯২ সালের ব্যাচের IPS সিদ্ধিনাথ গুপ্তা।

    একই সঙ্গে সরানো হলো এডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে। তাঁর জায়গায় এলেন অজয় মুকুন্দ রানাডে (IPS ১৯৯৫)। ডিজি (কারা) হলেন নটরাজন রমেশবাবু (IPS ১৯৯১)। সোমবার, অর্থাৎ আজ দুপুর ৩টের মধ্যে দায়িত্ব নিতে হবে নতুন পুলিশ কমিশনার ও ডিজিকে, জানিয়ে দিয়েছে কমিশন।

    রবিবার দিল্লি থেকে ভোট ঘোষণা করেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে হিংসামুক্ত অবাধ ভোট করানোই নির্বাচন কমিশনের প্রধান কাজ। ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে সরিয়ে নির্বাচন কমিশন দুষ্মন্ত নারিওয়াল ও সঙ্ঘমিত্রা ঘোষকে ওই দুই পদে আনে।

    তখন থেকেই জল্পনা চলছিল, এ বার পুলিশের শীর্ষস্তরেও রদবদল সময়ের অপেক্ষা। সোমবার সকালে সেই জল্পনাই সত্যি করে বদলানো হলো কলকাতার সিপি ও রাজ্য পুলিশের ডিজিকে।

  • Link to this news (এই সময়)