• ভোট ঘোষণার পরের দিনই ব্যান্ডেল স্টেশন পুলিশে ছয়লাপ, ট্রেনেও পুলিশ, কী হলো হঠাৎ?
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • ভোট (Bengal Assembly Election 2026) ঘোষণা হতেই জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় চলছে কড়া নজরদারি। রেল স্টেশনগুলিও ব্যতিক্রম নয়। সোমবার সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে GRP, ও RPF তল্লাশি অভিযান চালায়। যাত্রীদের ব্যাগ পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনে জিজ্ঞাসাবাদও চলছে। নির্বাচনের আগে কোনওরকম নাশকতা যাতে দুষ্কৃতীরা না ঘটাতে পারে, তার জন্য এই তৎপরতা।

    প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ পরীক্ষা যেমন করা হচ্ছে, তেমনই ট্রেনের মধ্যে উঠে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগ চেক করছেন পুলিশ কর্মীরা। সন্দেহভাজন কাউকে মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বড় লাগেজ থেকে শুরু করে বস্তা বা ব্যাগ— সমস্ত কিছুই হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

    যাত্রীরা অবশ্য এতে খুশি। বরং তাঁদের বক্তব্য, শুধু ভোটের সময় কেন, যাত্রীদের নিরাপত্তা নিয়ে সারা বছর এই রকম অভিযান চলা উচিত। এত মানুষ নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাই নিরাপত্তার বিষয়টা সারা বছরই আঁটসাঁট হওয়া দরকার।

    ব্যান্ডেল জিআরপি-র ওসি তুজাম্মাল হক বলেন, ‘নির্বাচন ঘোষণা হয়েছে। তাই একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে। কোনও রকম দুর্ঘটনা বা নাশকতা যাতে না হয়, সে দিকে নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদেরও আশ্বস্ত করা হচ্ছে। বেআইনি অস্ত্র বা নগদ টাকা পাচার হচ্ছে কি না তার জন্যই তল্লাশি চালানো হচ্ছে। এখন থেকে প্রতিদিন নিয়মিত চেকিং হবে।’

  • Link to this news (এই সময়)