আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করেছিল নির্বাচন কমিশন। এবার অদলবদল করা হল শীর্ষ পুলিশ পদে। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে বদলে দিল নির্বাচন কমিশন।
- রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। ওই পদে ছিলেন পীযূষ পাণ্ডে।
- কলকাতার কমিশনার পদ থেকে সরানো হয়েছে রাজ্য সুপ্রতীম সরকারকে। ওই জায়গায় বসানো হল অজয় কুমার নন্দাকে।
- ডিজি (সংশোধনাগার) করা হল নটরাজন রমেশ বাবুকে।
- এডিজি (আইন-শৃঙ্খলা) করা হল অজয় মুকুন্দ রানাডে-কে।
সোমবার দুপুর তিনটের মধ্যে এই রদবদল সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রবিবারই পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। সেই রাতেই আইপিএস স্তরে রদবদলের নির্দেশ দেয় কমিশন। নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বদলে নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে সংঘমিত্রা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়।
২৩ এবং ২৯ এপ্রিল, এবার রাজ্যে ভোট হবে দু'দফায়। অবাধ, শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন দু'দফায় নির্বাচন করাচ্ছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানা গিয়েছে, সেই লক্ষ্যেই রাজ্য প্রশাসনে এই রদবদল করছে কমিশন।