• বাংলায় ভোট ঘোষণা হতেই রাষ্ট্রপতি ভবনে নয়া রাজ্যপাল
    আজকাল | ১৬ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রাজ্যপাল আর এন রবি। রবিবারে বাংলায় ২৬-এর বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হতেই, একের পর এক বদল প্রশাসনিক স্তরে। তার মাঝেই রাজনীতিতে জোর চর্চা আরও একটি বিষয়ে। বৃহস্পতিবার শপথের পর, সোমবার বাংলার রাজ্যপাল আর এন রবি সাক্ষাৎ করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সোমবার সকালে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয় এটি। 




    তারপর থেকেই আলোচনা, ভোটের মুখে বাংলার রাজ্যপালের রাষ্ট্রপতি সাক্ষাৎ কি বড় কোনও ইঙ্গিত ভোটমুখী বাংলার জন্য? কারণ ভোটের মুখে মুখেই বাংলার প্রাক্তন রাজ্যপালের আচমকা ইস্তফা নিয়ে জোর চর্চা হয়েছে রাজনীতিতে। বাংলার মুখ্যমন্ত্রীও সুর চড়িয়েছেন ঘটনায়। অভিমান ঝরে পড়েছে খোদ সি ভি আনন্দ বোসের গলাতেও।

    ভোটের মুখে কেন ইস্তফা, কেন নয়া রাজ্যপাল বাংলাকে তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা হয়েছে। অন্যদিকে চর্চা ভোট ঘোষণার ২৪ ঘণ্টা পেরনোর আগেই, রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল নিয়েও। 

    রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ও ফলাফলের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর কয়েক ঘণ্টা পরেই আরও বড় পদক্ষেপ করা হল। রবিবার রাতেই ভোটের মুখে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 

    রবিবার রাতেই কমিশন জানায়, নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিয়ালাকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোটের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল সঙ্ঘমিত্রা ঘোষকে। এর আগে স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীশ প্রসাদ মিনা। 

    অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে তথ্য, বাংলায় গত লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা এবং অশান্তির সময় সেই থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)