• ভূতের সন্ধানে,সোহম
    বর্তমান | ১৬ মার্চ ২০২৬
  • ছ-মাস আগে হলে ‘না’ বলতেন। কিন্তু সোহম মজুমদার সেদিন জোরের সঙ্গে বলতে পারলেন না যে, তিনি ভূতে বিশ্বাস করেন না। ‘কবীর সিং’- এর ‘শিবা’র সঙ্গে ভূত এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা হচ্ছিল আসন্ন বাংলা ছবি ‘পরের স্টেশন বেগুনকোদর’-এর শ্যুটিং সেটে। অভিনেতার কথায়, ‘ভূত নিয়ে আমার নিজস্ব কোনও এক্সপেরিয়েন্স নেই। কিন্তু সহ অভিনেতাদের মুখে বিশ্বাসযোগ্য বর্ণনায় ভূতের গল্প শুনে এখন ভূতের অস্তিত্ব অবলীলায় অস্বীকার করার মতো মানসিকতা নেই।’

    পার্ক স্ট্রিটের বেঙ্গল ফ্রিম্যাসন ট্রাস্ট অ্যাসোসিয়েশনের প্রাচীন ভবনে সেট পড়েছিল দীপঙ্কর দাস ও প্রিয়দর্শিনী দাস মজুমদার প্রযোজিত সুচন্দ্রা এক্স ভানিয়া ও চন্দ্রোদয় পাল পরিচালিত ছবিটির। ভূতের ভয়ে ১৯৬৭ সালে পুরুলিয়া ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী বেগুনকোদর স্টেশনটি বন্ধ হয়ে যায়। লোকশ্রুতি, এক মহিলা ভূত ওখানে আছে। সে নাকি চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়য়। ওই স্টেশন সংলগ্ন অঞ্চলে প্রচুর আত্মহত্যার ঘটনাও ঘটেছে। স্থানীয় গ্রামবাসীদের একাংশ ভূতের অস্তিত্বে বিশ্বাসী। অন্য অংশের দাবি, পুরোটাই ভাঁওতাবাজি। মানুষকে ভয় দেখিয়ে অর্থ রোজগারের ফন্দি। এছাড়াও মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবেও একসময় জায়গাটির কুখ্যাতি ছিল।

    পুনরায় স্টেশনটিতে ট্রেন থামতে শুরু করে ২০০৯ সালে তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে। কিন্তু তাতেও ভূতের উপদ্রব না কমায়, ২০১৭ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক দল যুক্তিবাদী মানুষ তদন্ত করে দেখেন ভূতের ভয় দেখিয়ে ওই এলাকাকে অপরাধের মুক্তাঞ্চল বানিয়ে রাখার প্রচেষ্টা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটিতে এই নয়নের চরিত্রে অভিনয় করছেন সোহম।

    সেদিন বেঙ্গল ফ্রিম্যাসনের বিশাল লনে দাঁড়িয়ে আছেন অর্ঘ্য সেন (দেবরাজ ভট্টাচার্য), মুস্তাক (স্যান্ডি রং) ও চিকিৎসক সূর্যশেখর গাঙ্গুলি (শান্তিলাল মুখোপাধ্যায়)। দলটিকে শেষবারের মত প্রয়োজনীয় পরামর্শ দিলেন সূর্যশেখর। শট শেষ হতেই লাঞ্চ ব্রেক। মেকআপ ভ্যানে বসে সোহম বললেন, ‘ভূত নিয়ে কৌতূহল ও একটা প্রচ্ছন্ন অস্বস্তি বাড়ছে। কারণ এরপর বেগুনকোদরেই টানা ১২ দিনের শ্যুটিং সিডিউল। তাছাড়া এই ধরনের চরিত্রে অভিনয় করাটা ঠিক চ্যালেঞ্জ নয়, বরং উত্তেজনা তৈরি করে। নয়ন মুখোপাধ্যায় মহেন্দ্র সিং ধোনি বা কিশোরকুমারের মত বিখ্যাত ব্যক্তি নন। তাই তাঁকে হবহু অনুসরণ করার দায় নেই। এক্ষেত্রে আমি স্বাধীন। নিজের মত করে চরিত্রটাকে গড়তে পারছি।’ এরপর ম্যাডক ফিল্মসের হরর কমেডি ছবি ‘শক্তিশালিনী’তে অভিনয়ের জন্য মুম্বই যাচ্ছেন সোহম।

    ভূত আপনাকে তাড়া করেছে নাকি, আপনি ভূতকে তাড়া করেছেন? কাচুমাচু মুখে সোহম বললেন, ‘সেটা ভবিষ্যৎ বলবে।’
  • Link to this news (বর্তমান)