• বিশ্বভারতীর সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা
    বর্তমান | ১৬ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: ভোট ঘোষণা হয়ে যাওয়ায় বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা দেখা দিল। রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা ভোটের দিন ঘোষণা করায় সমাবর্তন আদৌ কবে হবে তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, এখনও পর্যন্ত আচার্যের দপ্তর থেকে সমাবর্তনের জন্য নির্দিষ্ট কোনও তারিখ বিশ্বভারতীকে জানানো হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে সবরকম প্রস্তুতি আগেই সম্পন্ন করে রাখা হয়েছে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীতে প্রতি বছর সমাবর্তন আয়োজনের দীর্ঘদিনের রীতি রয়েছে। তবে নানা প্রশাসনিক কারণে কয়েকবার সেই ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। শেষবার ২০২৩ সালে সমাবর্তন হয়েছে। তারপর দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় সমাবর্তন হয়নি। ২০২৩ সালের সমাবর্তনের পর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়ে যায়। এরপর দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় সমাবর্তন স্থগিত হয়ে যায়। প্রায় এক বছর আগে নতুন স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেন প্রবীরকুমার ঘোষ। তারপরই সমাবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
    বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে সমাবর্তন হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি বৈঠকও করা হয়। সমাবর্তন উপলক্ষে বিভিন্ন ভবন সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের কাজও গত কয়েক মাস ধরে চলেছে। ঐতিহ্য মেনে শান্তিনিকেতনের আম্রকুঞ্জেই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। এবছরও সেই ঐতিহ্য বজায় রেখেই সমাবর্তন করার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, গবেষকদের কাছে গুগল ফর্মের মাধ্যমে তথ্য নেওয়া হয়েছিল।

    এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সমাবর্তনের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। এর মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় সমাবর্তন নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। সমাবর্তনের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। বিশ্বভারতীর প্রাক্তন গবেষক তথা নবগ্রাম হীরালাল পাল কলেজের অধ্যাপক রাহুল ঘোষ বলেন, রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের নির্দিষ্ট দিন রয়েছে। কিন্তু বিশ্বভারতীর সমাবর্তন কেন নিয়মিত হয় না? এবছর ফেব্রুয়ারি বা মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ সমাবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু শেষপর্যন্ত তা আয়োজন করতে পারল না বিশ্বভারতী। এরমধ্যেই নির্বাচনী আচরণবিধি জারি হওয়ায় সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
  • Link to this news (বর্তমান)