• আচমকা বাতিল শান্তিপুর-বনগাঁ লোকাল, প্রতিবাদে রেল অবরোধ মতুয়াদের
    এই সময় | ১৬ মার্চ ২০২৬
  • শান্তিপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন মতুয়া সম্প্রদায়ের একাংশের। সোমবার বিশেষ তিথি উপলক্ষে ঠাকুরবাড়ি যাওয়ার কথা ছিল মতুয়াদের। কিন্তু শান্তিপুর থেকে বনগাঁ যাওয়ার নির্ধারিত ট্রেন হঠাৎ বাতিল করে দেয় রেল কর্তৃপক্ষ। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো পুণ্যার্থী। এক ঘণ্টারও বেশি সময় ধরে রেল লাইন আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ফলে শান্তিপুর-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও আগাম ঘোষণা ছাড়াই মাঝে মধ্যেই শান্তিপুর-বনগাঁ লোকাল বাতিল করে দেওয়া হয়। কেন এই বিশেষ দিনেই ট্রেন বাতিল করা হলো, সেই প্রশ্ন তুলে লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন মতুয়াদের একাংশ। এ দিন বিক্ষোভকারীরা ডঙ্কা ও কাঁসর বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন। অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শিয়ালদহগামী ট্রেন আটকে যাওয়ায় স্টেশনে ভিড় বাড়তে শুরু করে।

    মতুয়াদের আরও দাবি, এর আগেও বিশেষ উৎসবের দিনগুলিতে রেলের তরফে এ ধরণের অব্যবস্থা দেখা গিয়েছে। তাঁদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ ইচ্ছা করেই তাঁদের হয়রানি করছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। তাঁরাই বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। শেষে রেলের তরফে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়।

  • Link to this news (এই সময়)