• ‘উত্তরপাড়া লড়বে, পশ্চিমবঙ্গকে পথ দেখাবে’, প্রার্থী হয়েই প্রচার শুরু মীনাক্ষীর
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী হবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ভোট ঘোষণার অনেক আগে থেকেই সিপিএমের অন্দরে ভেসে বেড়াচ্ছিল এই কথা। সোমবার অবশেষে জল্পনা সত্যি হলো। উত্তরপাড়া আসনে বামফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম। নির্বাচন ঘোষণার আগে একাধিকবার মীনাক্ষীকে আসতে দেখা গিয়েছে উত্তরপাড়ার বিভিন্ন কর্মসূচিতে। এ দিন প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই সন্ধ্যায় মীনাক্ষীকে দেখা গেল প্রচারে। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন মীনাক্ষী। শুরু হয়েছে দেওয়াল লিখনও।

    ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথে সিপিএমের হয়ে প্রচার করে বেশ কিছু ভোটও পেয়েছিলেন তিনি। সে বার এবং এ বারের লড়াই কি আলাদা? এ দিন মীনাক্ষী বলেন, সেদিনও সিপিএম লড়েছিল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। আজও আমরা লড়ছি এই ২টি দলের বিরুদ্ধে। সে দিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েদের চাকরি, মায়েদের সম্মান বিপদে ছিল আজও তাঁরা বিপদে রয়েছেন। লড়াই আরও জোরদার হয়েছে। মীনাক্ষীর দাবি, ‘উত্তরপাড়া লড়বে, পশ্চিমবঙ্গকে পথ দেখাবে।’

    ভোটার লিস্ট নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মীনাক্ষী। নির্বাচন কমিশনকে বৈধ ভোটারদের ভোটদানের ব্যবস্থা করে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। অসম্পূর্ণ ভোটার লিস্ট রেখে নির্বাচন কমিশন জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে তাঁর অভিযোগ।

    শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। উত্তরপাড়ার একাধিক স্কুল ধুঁকছে, এই এলাকায় একাধিক কারখানাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি। উত্তরপাড়ার নিকাশি ব্যবস্থা, পুর পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কাজ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

    মীনাক্ষী বলেন, ‘১৫ বছর মানুষের সঙ্গে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল। আর সব থেকে বড় দোষ করেছে এখানে বিজেপিকে ডেকে এনে। গোটা পশ্চিমবঙ্গে সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে বিজেপি।’

  • Link to this news (এই সময়)